প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে নিবিড় অংশীদারিত্ব বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং দেশজুড়ে নতুন নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশাপের নেতৃত্বে প্রতিনিধিদলটি উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপদেষ্টা কবির প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বহুমুখী সম্পর্ক বিদ্যমান। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেলে দুই দেশের অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে। তিনি আরও জানান, সরকার বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং মার্কিন বিনিয়োগকারীদের জন্য এখানে বিভিন্ন সম্ভাবনাময় খাত উন্মুক্ত রয়েছে।
আলোচনায় শিল্প, অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে মার্কিন বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ নিয়ে দুই পক্ষ মতবিনিময় করে। অতুল কেশাপ বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করা হয়। উভয় পক্ষই দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে বাংলাদেশি ও মার্কিন ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সম্পৃক্ততা ও অংশীদারিত্ব গভীর করার ওপর জোর দিয়েছে।