ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি উন্মুক্ত বৈঠকে চীন যুদ্ধবিরতি, সংলাপ ও আলোচনার মাধ্যমে সংকটের রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সব পক্ষকে একটি ব্যাপক, স্থায়ী ও বাধ্যতামূলক শান্তি চুক্তির লক্ষ্যে কাজ করার অনুরোধ জানানো হয়েছে।
সোমবার অনুষ্ঠিত বৈঠকে জাতিসংঘে চীনের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রতিনিধি সুন লেই বলেন, ইউক্রেন ইস্যুকে ঘিরে বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং সংঘাতের তীব্রতা ক্রমাগত বাড়ছে। তিনি বলেন, এই বিপজ্জনক ধারা যত দ্রুত সম্ভব উল্টে দিতে হবে।
সুন লেই বলেন, “চীন সংশ্লিষ্ট সকল পক্ষকে যোগাযোগ বজায় রাখতে, রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করতে, সংলাপের মাধ্যমে পারস্পরিক আস্থা বাড়াতে, আলোচনার মাধ্যমে ঐকমত্য গড়ে তুলতে এবং একটি স্থায়ী ও বাধ্যতামূলক শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রচেষ্টা চালাতে আহ্বান জানাচ্ছে।”
তিনি আরও বলেন, ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানে চীন প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের বৈধ নিরাপত্তা উদ্বেগ নিরসন এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য সংকটের মূল কারণগুলো মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সূত্র: সিএমজি