উত্তাল সাগরে ৪৫ ভিয়েতনামিকে উদ্ধার, নিরাপদে হস্তান্তর করল চীন

দক্ষিণ চীন সাগরে ডুবে যাওয়া একটি জাহাজ থেকে উদ্ধার করা ৪৫ জন ভিয়েতনামি নাগরিককে দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর শুরু করেছে চীন। রোববার শুরু হওয়া এই হস্তান্তর প্রক্রিয়া সোমবারের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

চীনের হাইনান মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ সেন্টার জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ৭টা ৫ মিনিটে হস্তান্তর কার্যক্রম শুরু হয়। রাত ৮টা ৫ মিনিটের মধ্যে ৪১ জনকে ভিয়েতনাম কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়েছে।

বাকি চারজনের মধ্যে তিনজন আহত হয়েছেন, একজন সহায়তাকারী হিসেবে কাজ করছেন। তাদের সোমবার হেলিকপ্টারের মাধ্যমে হস্তান্তর করা হবে।

উত্তাল সমুদ্রের কারণে চীন ও ভিয়েতনামের উদ্ধারকারী জাহাজ দুটি পাশাপাশি ভিড়তে পারেনি। তাই নিরাপত্তা রশি ব্যবহার করে লাইফ র‍্যাফটের মাধ্যমে ধাপে ধাপে উদ্ধার হওয়া ব্যক্তিদের এক জাহাজ থেকে অন্য জাহাজে স্থানান্তর করা হয়।

এর আগে শুক্রবার প্রতিকূল আবহাওয়ার মধ্যে দক্ষিণ চীন সাগরের নানশা দ্বীপপুঞ্জের ইয়ংশু রিফের কাছে ভিয়েতনামের পতাকাবাহী ‘খোই নুয়েন ১৮’ জাহাজটি ডুবে যায়। ওই জাহাজে ৬২ জন যাত্রী ও কর্মী ছিলেন।