গবেষণায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে চীন: নেচার ইনডেক্স

জুন ১১, সিএমজি বাংলা ডেস্ক: উচ্চমানের বৈজ্ঞানিক গবেষণায় বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে চীন। বুধবার প্রকাশিত নেচার ইনডেক্স> ২০২৬ রিসার্চ লিডারস র‌্যাঙ্কিং-এ এ তথ্য উঠে এসেছে।

সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে চীনের গবেষণা উৎপাদন ২২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। বৈশ্বিক শীর্ষ ১০ দেশের মধ্যে একমাত্র চীনই দুই অঙ্কের প্রবৃদ্ধি পেয়েছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও তৃতীয় জার্মানি।

নেচার ইনডেক্সে অন্তর্ভুক্ত সাতটি প্রধান গবেষণা ক্ষেত্রের মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, প্রয়োগবিজ্ঞান এবং পৃথিবী ও পরিবেশবিজ্ঞান—এই পাঁচ ক্ষেত্রে চীন প্রথম স্থান অর্জন করেছে। অন্যদিকে স্বাস্থ্যবিজ্ঞান ও সমাজবিজ্ঞানে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

চীনা বিজ্ঞান একাডেমি বিশ্বের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে তার অবস্থান বজায় রেখেছে। প্রতিষ্ঠানটি স্বাস্থ্যবিজ্ঞান ও সমাজবিজ্ঞান ছাড়া বাকি সব গবেষণা ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে।

এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ ১০ গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে ৯টি চীনা প্রতিষ্ঠান স্থান পেয়েছে, যা আগের সংস্করণে ছিল ৮টি।

নেচার ইনডেক্স মূলত বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রের ভিত্তিতে উচ্চমানের গবেষণা উৎপাদন পরিমাপ করে। চলতি বছর সূচকটির পরিধি আরও সম্প্রসারণ করা হয়েছে। এতে ১৭টি প্রয়োগবিজ্ঞান বিষয়ক জার্নাল, একটি সম্মেলন এবং ১৫টি সমাজবিজ্ঞানভিত্তিক জার্নাল যুক্ত করা হয়েছে।

নেচার ইনডেক্সের প্রধান সম্পাদক সাইমন বেকার বলেন, ‘বিষয়ভিত্তিক পরিধি সম্প্রসারণ এবং নতুন মূল্যায়ন পদ্ধতি যুক্ত হওয়ায় নেচার ইনডেক্স এখন উচ্চমানের গবেষণা উৎপাদনের আরও বিস্তৃত ও নির্ভুল চিত্র তুলে ধরতে সক্ষম। ফলাফল থেকে স্পষ্ট যে উচ্চমানের গবেষণার ক্ষেত্রে চীন অত্যন্ত শক্তিশালী পারফরম্যান্স অব্যাহত রেখেছে।’

ফয়সল/শুভ

তথ্য ও ছবি: চায়না ডেইলি।

chinaresearch