চীনের একাধিক অঞ্চলে ভারি বৃষ্টির পূর্বাভাস, হলুদ সতকর্তা জারি

 

চীনের একাধিক অঞ্চলে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে হলুদ সতকর্তা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কর্তৃপক্ষ।

মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাসে জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি) জানায়, আগামী ২৪ ঘণ্টায় ইনার মঙ্গোলিয়া, হ্যপেই, বেইজিং, থিয়েনচিন, শানসি, শায়ানসি, হ্যনান, আনহুই, চিয়াংসু, শাংহাই, চেচিয়াং, চিয়াংসি, হুবেই, হুনান, কুয়াংসি, কুয়াংতোং, ইয়ুননান এবং সিনচিয়াংয়ের বিভিন্ন এলাকায় অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

এর মধ্যে চিয়াংসু, আনহুই, হুবেই, হুনান, কুয়াংতোং ও কুয়াংসির কিছু এলাকায় ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি কোথাও কোথাও বজ্রপাত, দমকা হাওয়া এবং শিলাবৃষ্টিসহ তীব্র বৈরি আবহাওয়া দেখা দিতে পারে।

জাতীয় আবহাওয়া কেন্দ্র সম্ভাব্য বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় স্থানীয় সরকারগুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে বৃষ্টিপ্রবণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ এবং জলাবদ্ধ এলাকায় নিরাপদে যানবাহন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

চীনে আবহাওয়াজনিত সতর্কতা চারটি স্তরে জারি করা হয়। এর মধ্যে লাল সর্বোচ্চ, এরপর কমলা, হলুদ এবং নীল সতর্কতা।

সূত্র: সিএমজি বাংলা