চীনের ছেংতুতে চলচ্চিত্র উৎসব শুরু

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে শুরু হয়েছে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ফিল্ম কালচার কার্নিভাল। শুক্রবার শুরু হওয়া এ আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী, শিল্প খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা এবং দর্শকদের জন্য নানা সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে।

জাতীয় চলচ্চিত্র প্রশাসনের নির্দেশনায় এবং সিএমজি ও ছেংতু সরকারের যৌথ আয়োজনে শুরু হয় এই কার্নিভাল। উদ্বোধনী অনুষ্ঠানে সিছুয়ান কনজারভেটরি অব মিউজিকের সিম্ফনি অর্কেস্ট্রা চলচ্চিত্রের জনপ্রিয় সুর পরিবেশন করে। এ সময় নির্মাণাধীন কয়েকটি চীনা চলচ্চিত্রও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ১১টি প্রতিষ্ঠানের উদ্যোগে ডিজিটাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স ( ছেংতু) গঠন করা হয়। একই সঙ্গে চলচ্চিত্রের গল্প ও চরিত্রের স্বত্ব ব্যবহার করে বিভিন্ন সৃজনশীল পণ্য তৈরির বিষয়ে কৌশলগত সহযোগিতা চুক্তি সই হয়।

এবারের আয়োজনের মূল লক্ষ্য চলচ্চিত্রকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি করা। আগামী ২৪ নভেম্বর পর্যন্ত চলবে এই কার্নিভাল।

সিএমজি