চীনের উত্তর হ্যফেই প্রদেশের সিওংআন এলাকায় কেন্দ্রীয় সরকারের অধীনস্ত নতুন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘চায়না ন্যাশনাল ডাটা গ্রুপ কোম্পানি লিমিটেড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের উপ প্রধানমন্ত্রী তিং সুয়েসিয়াং।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অভূতপূর্ব সুযোগকে কাজে লাগানো, ‘ডিজিটাল চীন’ নির্মাণকে ত্বরান্বিত করতে এবং বৈশ্বিক অঙ্গনে চীনের নতুন কৌশলগত প্রতিযোগী সুবিধা গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে এই প্রতিষ্ঠানটি গঠনের সিদ্ধান্ত।
প্রতিষ্ঠানটির প্রধান দায়িত্ব হলো উপাত্ত বা ‘ডাটা’ সম্পদের সঠিক বিকাশ ও এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। একে জাতীয় পর্যায়ের ডেটা পরিষেবার মূল শক্তি, ডেটা অবকাঠামো সংযোগের পথিকৃৎ এবং প্রযুক্তিগত উদ্ভাবনের কৌশলগত চালিকাশক্তি হিসেবে রূপ দেওয়া হয়েছে।
পাশাপাশি, দেশের তথ্য ও ডেটা শিল্পের সুষম বিকাশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোকে সহায়তা জোরদার করার, স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সম্পদ সরবরাহের এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পারস্পরিক সহযোগিতা বাড়াতে আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানের পর তিং সুয়েসিয়াং সিওংআন এলাকাটি ঘুরে দেখেন। পরিদর্শনের সময় তিনি এই অঞ্চলের নির্দিষ্ট উদ্দেশ্য ও গুরুত্ব অনুধাবনের ওপর ওপর জোর দেন।
সূত্র: সিএমজি