সুইডেনের ব্যবসায়ীদের চীনের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, সুইডিশ সরকারকে চীনের প্রতি বাস্তববাদী ও যুক্তিসঙ্গত নীতি গ্রহণে উৎসাহিত করতে এবং দু’দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া বাড়াতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
শনিবার সুইডেনভিত্তিক ইনভেস্টর এবির চেয়ারম্যান জ্যাকব ওয়ালেনবার্গের সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, ‘ওয়ালেনবার্গ পরিবার দীর্ঘদিন চীনের বিশ্বস্ত অংশীদার। সংস্কার ও উন্মুক্তকরণ নীতির পর ইউরোপের প্রথম দিকের বিনিয়োগকারীদের অন্যতম হিসেবে তারা চীন-সুইডেন সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন।’
তিনি আরও বলেন, চীন উচ্চমানের উন্নয়ন, মুক্ত বাণিজ্য এবং বাজার অর্থনীতির নীতিতে অটল রয়েছে। দেশটি অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি ও উচ্চমানের উন্মুক্তকরণ অব্যাহত রাখবে। চীনকে গ্রহণ করা মানে নতুন সুযোগকে গ্রহণ করা, আর চীনে বিনিয়োগ করা মানে ভবিষ্যতে বিনিয়োগ করা।’
জবাবে জ্যাকব ওয়ালেনবার্গ বলেন, তার পরিবার ১৯৭০ ও ১৯৮০-এর দশক থেকেই চীনা বাজারে কাজ করছে এবং দেশটির সংস্কার ও উন্নয়নের সুফল পেয়েছে। চীনের সঙ্গে সহযোগিতা সুইডেন ও ইউরোপ উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও তারা চীনে বিনিয়োগ ও সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান ওয়ালেনবার্গ।
সূত্র: সিএমজি