চীনে গোলটেবিল, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক একীকরণের আহ্বান

দক্ষিণ চীনের হাইনান প্রদেশের হাইখৌ শহরে বোআও ফোরাম ফর এশিয়া (বিএফএ) আয়োজিত এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সহযোগিতা গোলটেবিল বৈঠকে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে বহুপক্ষীয়তাবাদ বজায় রাখা এবং অর্থনৈতিক একীকরণ এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার বৈঠকে অংশগ্রহণকারী কর্মকর্তা ও গবেষকরা এ আহ্বান জানান।

‘এশিয়া-প্যাসিফিক সম্প্রদায়ের দিকে: অভিন্ন লক্ষ্য ও কার্যক্রম’ শীর্ষক এ আয়োজনে ৩০টিরও বেশি দেশের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও শিক্ষাবিদেরা অংশ নেন। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহযোগিতা, সরবরাহব্যবস্থার একীকরণ এবং বৃহত্তর আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বিএফএ’র ভাইস চেয়ারম্যান মু হোং তার মূল বক্তব্যে বলেন, ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক একীকরণ আরও এগিয়ে নিতে আমাদের প্রকৃত বহুপক্ষীয়তাবাদ ও উন্মুক্ত আঞ্চলিকতাবাদ বজায় রাখতে হবে।‘

বৈঠকে ব্যাপকভাবে আলোচিত বিষয়গুলোর একটি ছিল এশিয়া-প্যাসিফিক মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিএএপি) প্রতিষ্ঠার পরিকল্পনা এগিয়ে নেওয়া। এটি একটি প্রস্তাবিত আঞ্চলিক মুক্ত বাণিজ্য কাঠামো, যার লক্ষ্য এপেক অঞ্চলের অর্থনীতিগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা।

এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সচিবালয়ের সাবেক নির্বাহী পরিচালক রেবেকা ফাতিমা স্টা মারিয়া বলেন, ‘এফটিএএপি প্রচলিত কোনো বাণিজ্য চুক্তি নয়। এটি কোনো বাণিজ্য চুক্তির বিষয় নয়; বরং অর্থনৈতিক একীকরণ আরও গভীর করার বিষয়। আমাদের নিজ নিজ অর্থনীতির মধ্যে নানা ধরনের বৈচিত্র্য রয়েছে। তাই আমাদের বিষয়গুলোকে ছোট ছোট অংশে ভাগ করে দেখতে হবে, প্রথমে কী করা সম্ভব এবং তা বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ, বিভিন্ন খাত ও চুক্তির বিভিন্ন অংশ ধরে এগোতে হবে।‘

অস্ট্রেলিয়ান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রফোর্ড স্কুল অব পাবলিক পলিসির সম্মানসূচক অধ্যাপক ক্রিস্টেফার ফিন্ডলে বলেন, “এফটিএএপি’র ক্ষেত্রে প্রশ্নটি হলো কোন চুক্তি এগিয়ে যাওয়ার পথ তৈরি করবে, তা নয়। বরং তাৎক্ষণিক কাজগুলো কী, কোন প্রতিষ্ঠান কোন কাজটি করার জন্য উপযুক্ত এবং কীভাবে সেগুলো বাস্তবায়ন করা যায়—এটাই মূল বিষয়।“

সূত্র: সিএমজি