চীনে প্রত্যাবর্তনের ২৯তম বার্ষিকী উদযাপন করছে হংকং

চীনে হংকং প্রত্যাবর্তনের ২৯তম বার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন, যুব কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ ঘোড়দৌড়সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বুধবার হেনেসি রোড গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, হংকং প্যাট্রিয়টিক এডুকেশন সাপোর্ট সেন্টারসহ হংকংজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এইচকেএফইডব্লিউ ওং চো বাউ স্কুলের এক শিক্ষার্থী বলেন, ‘আজ আমাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের ২৯তম বার্ষিকী। আমরা সবাই খুব আনন্দিত। আমি একদিন বেইজিং যেতে চাই।‘

হংকং আইন পরিষদের সদস্য ওং খাম-লিউং বলেন, ‘এই পতাকা উত্তোলন অনুষ্ঠানের মাধ্যমে আমরা আশা করি, হংকং প্রত্যাবর্তনের পর আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা মাতৃভূমির সঙ্গে নিজেদের সম্পর্ক আরও গভীরভাবে অনুভব করবেন।‘

এ উপলক্ষে শা টিন রেসকোর্সে বিশেষ ঘোড়দৌড়ের আয়োজন করা হয়। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও অংশগ্রহণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়, যা বিপুলসংখ্যক বাসিন্দা ও পর্যটককে আকৃষ্ট করে।

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকার এবং স্থানীয় ব্যবসায়ীরা ভর্তুকিযুক্ত গণপরিবহন, সাংস্কৃতিক ও শৈল্পিক অনুষ্ঠান এবং খাবারের ওপর বিশেষ ছাড়ের ব্যবস্থা করে।

সিএমজি বাংলা

 

china