চীন-বেলারুশ অঞ্চল-ভিত্তিক সহযোগিতায় গুরুত্বারোপ চীনের উপ-প্রধানমন্ত্রীর

চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ কওচং বলেছেন, চীন-বেলারুশ অঞ্চল-ভিত্তিক সহযোগিতা দু’দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ উপাদান। বুধবার কানসু প্রদেশে আয়োজিত ‘চীন-বেলারুশ অঞ্চল-ভিত্তিক সহযোগিতা ফোরামে’ ভিডিও লিঙ্কের মাধ্যমে ভাষণে এ কথা বলেন তিনি।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য লিউ উল্লেখ করেন যে, সাম্প্রতিক বছরগুলোতে উভয় দেশের মধ্যে অঞ্চল-ভিত্তিক পর্যায়ে প্রাণবন্ত আদান-প্রদান বৃদ্ধি পেয়েছে; সেই সাথে ‘সিস্টার-সিটি’ বা বন্ধুত্বপূর্ণ শহরের সম্পর্ক, সহযোগিতার ক্ষেত্র এবং এর ভালো ফলাফল অর্জিত হয়েছে।

চীন ও বেলারুশের উন্নয়ন কৌশল ও সহযোগিতার প্রয়োজনীয়তার মধ্যে যে গভীর সামঞ্জস্য রয়েছে তা তুলে ধরে লিউ বলেন, উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা উভয় দেশের জন্য উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করেছে এবং অঞ্চল-ভিত্তিক সহযোগিতার জন্য একটি বিস্তৃত প্ল্যাটফর্ম গড়ে তুলেছে।

লিউ তিনটি প্রস্তাব পেশ করেন। প্রথমত, উভয় পক্ষের উচিত শিল্প-সমন্বয়কে চালিকাশক্তি হিসেবে গ্রহণ করা এবং সহযোগিতার ক্ষেত্রে প্রবৃদ্ধির নতুন উৎস তৈরির লক্ষ্যে শিল্প পার্কের ভূমিকাকে পুরোপুরি কাজে লাগানো।

দ্বিতীয়ত, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পর্যটন, যুব বিষয়ক কার্যক্রম এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে উভয় পক্ষের উচিত জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক আদান-প্রদানকে একটি সেতুবন্ধন হিসেবে ব্যবহার করা।

তৃতীয়ত, লিউ উভয় পক্ষকে সহযোগিতার কাঠামো শক্তিশালী করার আহ্বান জানান। তিনি ‘চীন-বেলারুশ আন্তঃসরকারি সহযোগিতা কমিটি’কে কার্যকরভাবে কাজে লাগানোর এবং চীনের বিভিন্ন প্রদেশ ও বেলারুশের অঞ্চলগুলোর মধ্যে সহযোগিতা আরও গভীর করার বিষয়টিকে উৎসাহিত করার ওপর জোর দেন।

বেলারুশের প্রথম উপ-প্রধানমন্ত্রী নিকোলাই স্নোপকভ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং বক্তব্য রাখেন।

সিএমজি বাংলা