নগর উন্নয়ন নিয়ে আলোচনায় চীনে বিশ্বের বিভিন্ন শহরের মেয়ররা

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, শিল্প খাতের রূপান্তর ও নগর পুনরুজ্জীবনের বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে চীনের মধ্যাঞ্চলীয় হ্যনান প্রদেশের লুওইয়াং শহরে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন শহরের মেয়র ও নগর প্রতিনিধিরা। ‘২০২৬ গ্লোবাল মেয়রস ডায়ালগ’-এ ১০টিরও বেশি দেশের প্রায় ১০০ জন মেয়র, নগর প্রতিনিধি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ অংশ নেন।

শুক্রবার থেকে রোববার পর্যন্ত আয়োজিত এ সংলাপের সমাপ্তি ঘটে ‘নগর সভ্যতা বিষয়ক লুওইয়াং ঐকমত্য’ ঘোষণার মধ্য দিয়ে। এতে জনকেন্দ্রিক উন্নয়ন, পরিবেশবান্ধব রূপান্তর এবং বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বুদ্ধিদীপ্ত উৎপাদনব্যবস্থা এবং নগর পুনরুজ্জীবনকে কেন্দ্র করে বিভিন্ন ঐতিহাসিক স্থান ও শিল্পপ্রতিষ্ঠানে তিনটি বিশেষ আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা লংমেন গুহামন্দির, লুওইয়াংয়ে অবস্থিত সুই ও থাং রাজবংশের রাজধানীর ধ্বংসাবশেষ, লুওইয়ি প্রাচীন শহর এবং স্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন।

আলোচনায় সাংস্কৃতিক বিনিময় ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

মূল আলোচনা পর্বে লুওইয়াংয়ের মেয়র চাং ইউচিয়ে শহরের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আধুনিক নগর উন্নয়নের সঙ্গে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

আলোচনায় উঠে আসে, কীভাবে শহরগুলো নিজেদের ঐতিহাসিক পরিচিতি অক্ষুণ্ণ রেখে সাংস্কৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারে, পর্যটন ও সৃজনশীল শিল্পের বিকাশ ঘটাতে পারে এবং নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করতে পারে।

এই সংলাপ অংশগ্রহণকারী শহরগুলোর মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, শিল্প উন্নয়ন ও নগর পুনরুজ্জীবন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ অনুসন্ধানের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করেছে।

সূত্র: সিএমজি বাংলা