চলমান বর্ষা মৌসুমের ভারি বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি মোকাবিলায় চীনের উদ্ভাবিত ‘মাচু-আরবান’ নামক কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রদানকারী ব্যবস্থার ওপর নির্ভর করছে পাকিস্তান।
চীনের আবহাওয়া প্রশাসনের উদ্ভাবিত মাচু-আরবান মূলত একটি ওপেন-সোর্স এআই মডেল, যা বিশেষভাবে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ুজনিত দুর্যোগ প্রশমনের লক্ষ্যে তৈরি করা হয়েছে। এটি বন্যা, টাইফুন এবং কৃষি ঝুঁকির মতো বিভিন্ন পরিস্থিতিতে তাৎক্ষণিক পর্যবেক্ষণ এবং এআই-জেনারেটেড জরুরি পরিকল্পনা প্রদান করতে সক্ষম। স্থানীয় ব্যবহারকারীরা তাদের নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী এই মডেলটিকে পরিমার্জন করতে পারেন।
পাকিস্তানের আবহাওয়া বিভাগের গবেষণা ও উন্নয়ন প্রধান ফ্রুখ বশির বলেন, “এই প্রযুক্তি আমাদের আবহাওয়ার পূর্বাভাস প্রদান ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলবে। বন্যা, খরা এবং চরমভাবাপন্ন আবহাওয়া সম্পর্কিত পরিস্থিতি যা জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে, সেগুলোর পূর্বাভাস প্রদানে আমরা এখন আরও ভালো অবস্থানে আছি।”
চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উচ্চ-প্রযুক্তি উন্নয়ন বিভাগের উপ-পরিচালক চাং খাইলিন বলেন, “চীন সবসময় ‘মানুষের কল্যাণে এআই’ নীতি মেনে চলে। আমরা গ্লোবাল সাউথের দেশগুলোর এআই সক্ষমতা বৃদ্ধিতে এবং একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন মডেল তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
শুধুমাত্র পাকিস্তানেই নয়, জিম্বাবুয়েতেও চীনা সরকারের সহায়তায় নির্মিত সুপারকম্পিউটিং সেন্টার দেশটির এআই উন্নয়নের মূল ভিত্তি হিসেবে কাজ করছে।
সূত্র: সিএমজি