ফাইভ আইজ গোয়েন্দা জোটের উত্থাপিত তথাকথিত ‘চীনা গুপ্তচর হুমকি’ সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন সি এ মন্তব্য করেন। তিনি ফাইভ আইজ জোটের অভিযোগের প্রতিক্রিয়ায় এমনটা বলেন, যে অভিযোগে বলা হয়েছিল, চীনের সামরিক গোয়েন্দা সংস্থাগুলো অনলাইন চাকরির প্লাটফর্ম ব্যবহার করে পশ্চিমা দেশগুলোর সরকারি কর্মচারীদের নিয়োগের চেষ্টা করছে। এ ছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রও দাবি করেছে যে তারা ১৩টি ইন্টারনেট ডোমেইন জব্দ করেছে, যেগুলো চীনা গোয়েন্দা কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল বলে সন্দেহ করা হয়।
ছেন বলেন, “এটি চোরের মায়ের বড় গলার পুরনো কৌশল, যা ফাইভ আইজ জোট দীর্ঘদিন ব্যবহার করে আসছে। তারা বারবার তথাকথিত ‘চীনা গুপ্তচর হুমকি’ নিয়ে প্রচারণা চালালেও আজ পর্যন্ত একটি বিশ্বাসযোগ্য প্রমাণও উপস্থাপন করতে পারেনি।”
চীনা মুখপাত্র বলেন, চীনকে ঘিরে ভুয়া বর্ণনা ও অভিযোগ ছড়ানো বন্ধ করে বস্তুনিষ্ঠ ও যুক্তিসংগত নীতিতে ফিরে আসা উচিত।
সূত্র: সিএমজি