মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক: শনিবার ফেংইয়ুন-৪সি স্যাটেলাইট থেকে তোলা প্রথম পর্যবেক্ষণ ছবি প্রকাশ করেছে চীনের আবহাওয়া প্রশাসন। এর মাধ্যমে চীন সূর্য থেকে পৃথিবী পর্যন্ত স্বাধীনভাবে রিয়েল-টাইম পর্যবেক্ষণ করতে পারছে।
স্যাটেলাইটটি ২০২৫ সালের ২৭ ডিসেম্বর সিছুয়ান প্রদেশের সিছাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। এটি একটি জিওস্টেশনারি আবহাওয়া স্যাটেলাইট।
প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত থাং শিহাও জানান, প্রথম ছবি প্রকাশের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে স্যাটেলাইট ও এর গ্রাউন্ড সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছে।
তিনি বলেন, উৎক্ষেপণের পর ডাটা প্রসেসিং ও ট্রান্সমিশনসহ বিভিন্ন ধাপ সম্পন্ন করতে হয়। প্রথম ছবি পাওয়া মানে সব সিস্টেম ঠিকভাবে কাজ করছে এবং ছবির গুণমানও আগের তুলনায় উন্নত।
ফেংইয়ুন-৪সি স্যাটেলাইটে ছয়টি উন্নত সেন্সর রয়েছে। এগুলো ছোট ও মাঝারি আকারের আবহাওয়ার সিস্টেম পর্যবেক্ষণে সাহায্য করে।
এর মধ্যে একটি সেন্সর বায়ুমণ্ডলের গঠন ও একটি বজ্রপাতের কার্যকলাপ পর্যবেক্ষণ করে।
এ ছাড়া একটি অতিবেগুণী স্পেকট্রোমিটার পৃথিবীর আয়নমণ্ডলের পরিবর্তন পর্যবেক্ষণ করে, যা যোগাযোগ ও নেভিগেশন সিগনালে প্রভাব ফেলতে পারে। এতে সূর্যের এক্স-রে ও অতিবেগুনি বিকিরণ পর্যবেক্ষণ করে সূর্যকলঙ্ক বা সোলার ফ্লেয়ার বিশ্লেষণ করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই স্যাটেলাইট সূর্য থেকে শুরু করে পৃথিবীর বায়ুমণ্ডল পর্যন্ত ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করতে পারে। এটি দিন-রাত উভয় সময়েই উচ্চ রেজোলিউশনে তথ্য সংগ্রহ করতে সক্ষম।
এটি চীনের প্রথম মহাকাশভিত্তিক ব্যবস্থা, যা মিনিটে মিনিটে দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার ঘটনাও পর্যবেক্ষণ করতে পারে, যেমন তীব্র বৃষ্টি বা টর্নেডো।
ফয়সল/জেনিফার