বন্যা ও টাইফুন মোকাবিলায় ১৮০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ দিল চীন

বন্যা নিয়ন্ত্রণ ও টাইফুনে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনায় ১৮০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ দিয়েছে চীন।

সোমবার দেশটির অর্থ মন্ত্রণালয় ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় যৌথভাবে কেন্দ্রীয় প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেয়।

এই তহবিল কুয়াংতোং, ফুচিয়ান, চিয়াংসি, হুনান, লিয়াওনিং ও চিলিন—এই ছয়টি প্রদেশে বন্যা নিয়ন্ত্রণ, টাইফুন-পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যয় করা হবে।

সম্প্রতি একাধিক টাইফুন চীনের উপকূলে আঘাত হানার পর দেশের দক্ষিণ, পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাত, ভয়াবহ বন্যা এবং বিভিন্ন ভূতাত্ত্বিক দুর্যোগের সৃষ্টি হয়েছে।

মন্ত্রণালয় দুটির তথ্য অনুযায়ী, বরাদ্দকৃত অর্থ অনুসন্ধান ও উদ্ধার অভিযান, ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া ও পুনর্বাসন, জরুরি ঝুঁকি মোকাবিলা, সম্ভাব্য দ্বিতীয় দফার দুর্যোগ ঠেকাতে ঝুঁকিপূর্ণ স্থাপনা পরিদর্শন ও অপসারণ এবং ক্ষতিগ্রস্ত বা ধসে পড়া ঘরবাড়ি মেরামতের কাজে ব্যবহার করা হবে।

সূত্র: সিএমজি