বাংলাদেশ-চীনের শিক্ষা সহযোগিতা বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চীনের খ্যাতনামা ফুতান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ছেন চিমিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের শিক্ষা উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এবং ফুতান বিশ্ববিদ্যালয়ের ভাইস ডিন চাং পিং।

আলোচনায় শিক্ষামন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে আরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি চালু, শিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আধুনিক প্রযুক্তি ও উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

চীনা প্রতিনিধিদলও বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে সহযোগিতা এবং দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

সূত্র: সিএমজি