চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং বুধবার বিজ্ঞান ও প্রযুক্তিতে উচ্চমানের আত্মনির্ভরশীলতা ও সক্ষমতা অর্জনের প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ২০৩৫ সালের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হওয়ার লক্ষ্যে চীনকে এগিয়ে যেতে হবে এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবন যেন চীনা ধাঁচের আধুনিকায়নে দৃঢ় সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করে, তা নিশ্চিত করতে হবে।
বেইজিংয়ে অনুষ্ঠিত এক সভায় দেয়া ভাষণে প্রেসিডেন্ট সি এসব কথা বলেন।
এই সভায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার সম্মেলন, চীনা বিজ্ঞান একাডেমি ও চীনা প্রকৌশল একাডেমির সদস্যদের সাধারণ অধিবেশন এবং চায়না অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির ১১তম জাতীয় কংগ্রেস একত্রে অনুষ্ঠিত হয়।
সি বলেন, ২০১২ সালে চীনের কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে চীন ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে এবং ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। তিনি বলেন, বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নে অংশগ্রহণকারী ও অবদানকারী দেশ থেকে চীন দ্রুত উদ্ভাবনের অগ্রদূত ও নেতৃত্বদানকারী দেশে রূপান্তরিত হচ্ছে এবং উদ্ভাবনী সক্ষমতার উন্নয়নের গতি বিশ্বের দ্রুততমগুলোর মধ্যে অন্যতম।
সি আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে নতুন দফার বিপ্লব এবং শিল্পখাতের রূপান্তর মানুষের জীবনযাপন ও কাজের ধরনই শুধু নয়, বৈশ্বিক উন্নয়নের সামগ্রিক চিত্রও পরিবর্তন করে দিচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন, নতুন পরিস্থিতি ও নতুন চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে বিদ্যমান সমস্যাগুলো কার্যকরভাবে মোকাবিলায় আরও শক্তিশালী পদক্ষেপ নিতে হবে এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কাজে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা ও ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।
সূত্র: সিএমজি