বেইবু উপসাগরে চীন-ভিয়েতনামের যৌথ টহল সম্পন্ন

বেইবু উপসাগরে ২০২৬ সালের দ্বিতীয় যৌথ টহল সম্পন্ন করেছে চীন ও ভিয়েতনাম কোস্টগার্ড। ২০০৬ সাল থেকে দুই দেশের সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে এটি ৩১তম যৌথ টহল। বৃহস্পতিবার তিন দিনের এ টহল শেষ হয়। চীনের কোস্টগার্ড (সিসিজি) শুক্রবার এ তথ্য জানায়।

টহল চলাকালে দুই দেশের কোস্টগার্ড জাহাজ নির্ধারিত রুট অনুসরণ করে। দুই দেশের সামুদ্রিক সীমান্ত রেখা বরাবর এ অভিযান পরিচালিত হয়। এ সময় কোনও পক্ষের মাছ ধরার নৌকাকে সীমান্ত অতিক্রম করে অন্য দেশের জলসীমায় মাছ ধরতে দেখা যায়নি।

এ ছাড়া, সামুদ্রিক আইন প্রয়োগে দুই দেশের সহযোগিতার ২০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি যৌথ সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার মহড়াও অনুষ্ঠিত হয়। সিসিজি আরও জানায়, গত দুই দশকে চীন ও ভিয়েতনামের সামুদ্রিক সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে। সাধারণ পর্যায়ের বিনিময় থেকে তা এখন বহুমুখী ও গভীর সহযোগিতায় রূপ নিয়েছে।

দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক আইন প্রয়োগে দুই দেশের যৌথ টহল সহযোগিতার একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে। মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছ ধরার কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এসব টহল ইতিবাচক ভূমিকা রাখছে।

সিএমজি