চীন চলতি বছর মৌলিক গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি তরুণ বিজ্ঞানীদের জন্য সহায়তা ও সুরক্ষাব্যবস্থা আরও জোরদার করেছে। মৌলিক গবেষণার জন্য কেন্দ্রীয় সরকার রেকর্ড ১১৬ দশমিক ৯৪ বিলিয়ন ইউয়ান, অর্থাৎ প্রায় ১৭ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। গত বছরের তুলনায় এই বরাদ্দ ১৬ দশমিক ৩ শতাংশ বেশি।
একই সঙ্গে বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনে বেসরকারি পুঁজির অংশগ্রহণ উৎসাহিত করছে চীন। এর ফলে মৌলিক গবেষণায় বৈচিত্র্যময় অর্থায়ন কাঠামো গড়ে উঠছে।
সম্প্রতি দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশ মৌলিক ও প্রয়োগভিত্তিক গবেষণার প্রথম ধাপের অপ্রচলিত প্রকল্পগুলোর একটি প্রস্তাবিত তালিকা প্রকাশ করেছে। প্রতিটি প্রকল্পে সর্বোচ্চ ২ মিলিয়ন ইউয়ান পর্যন্ত অর্থায়নের সুযোগ রাখা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য ৩৫ বছরের কম বয়সী তরুণ গবেষকদের মৌলিক ও যুগান্তকারী উদ্ভাবনী গবেষণায় সহায়তা করা
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর কেন্দ্রীয় সরকার মৌলিক গবেষণার জন্য প্রায় ১১৬ দশমিক ৯৪ বিলিয়ন ইউয়ান বাজেট বরাদ্দ করেছে। এই পরিমাণ গত বছরের প্রকৃত ব্যয়ের তুলনায় ১৬ দশমিক ৩ শতাংশ বেশি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বাজেটের সামগ্রিক ১০ শতাংশ প্রবৃদ্ধির হারকেও উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে গেছে।
বৈচিত্র্যময় অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার এ বছর স্থানীয় সরকার ও প্রতিষ্ঠানগুলোকে মৌলিক গবেষণায় অংশগ্রহণে উৎসাহিত করতে বিভিন্ন সহায়তা নীতি গ্রহণ করেছে। এর মধ্যে রাজস্ব তহবিলের মাধ্যমে হস্তান্তর অর্থ প্রদান ও কর ছাড়ের মতো পদক্ষেপ রয়েছে।
ভবিষ্যতে মৌলিক গবেষণায় দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল সহায়তা আরও জোরদার করবে চীন। একই সঙ্গে এ খাতে বরাদ্দকৃত অর্থের অনুপাত ধীরে ধীরে বাড়ানো এবং বহুমুখী বিনিয়োগব্যবস্থা আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তরুণ গবেষকদের দল গঠন ও সম্প্রসারণের মাধ্যমে চীনের মৌলিক উদ্ভাবন সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
সূত্র: সিএমজি