চীনে মার্কিন বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে বেইজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয় শনিবার বলেছে, ওয়াশিংটনের এ উদ্যোগ বৈষম্যমূলক এবং জাতীয় নিরাপত্তার ধারণার অতিরিক্ত প্রয়োগের একটি উদাহরণ।
মার্কিন ট্রেজারি বিভাগের বিদেশে বিনিয়োগসংক্রান্ত নিরাপত্তা কর্মসূচির প্রস্তাবিত সংশোধনী নিয়ে গণমতামত আহ্বানের প্রেক্ষাপটে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ প্রতিক্রিয়া জানান।
মুখপাত্র বলেন, প্রস্তাবিত বিধিনিষেধ দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্যের পরিপন্থী। এটি চীন ও মার্কিন প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ব্যাহত করবে এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে।
তিনি আরও বলেন, চীনে বিনিয়োগের ওপর মার্কিন বিধিনিষেধ শুধু দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ক্ষতি করবে না, বরং মার্কিন কোম্পানিগুলোর স্বার্থেরও পরিপন্থী হবে।
চীনের বিশাল বাজার, বিপুল ভোগ ও বিনিয়োগ সম্ভাবনার কথা উল্লেখ করে মুখপাত্র বলেন, চীনে বিনিয়োগ মানে ভবিষ্যতে বিনিয়োগ করা।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এ উদ্যোগের পরবর্তী অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বেইজিং। প্রয়োজন হলে পাল্টা পদক্ষেপ নেওয়ার অধিকারও সংরক্ষণ করবে দেশটি।
সূত্র: সিএমজি