লন্ডনে বিশেষ কনসার্টে হুনানের ঐতিহ্যবাহী সংগীতের সঙ্গে পশ্চিমা সিম্ফনির মেলবন্ধন

চীনের হুনানের ঐতিহ্যবাহী লোকসংগীত মূর্ছনা ছড়াল লন্ডনে। এর আগে এডিনবার্গ ফেস্টিভ্যালে চীনের লোকসংগীত প্রযোজনা ‘আ প্যানারোমা অব হিউম্যান’ পাঁচ তারকা রিভিউ পেয়েছিল। এরপর লন্ডনে হুনানের সমৃদ্ধ ঐতিহ্যবাহী পরিবেশনা দুই দেশের বন্ধুত্বের সুরকে আরও জোরালো করে তুলেছে।

এই কনসার্টে দুই ভিন্ন সংগীত সংস্কৃতির শীর্ষস্থানীয় শিল্পীরা একত্রিত হন। অংশ নেয় চীনের খ্যাতনামা হুনান সং অ্যান্ড ড্যান্স থিয়েটার এবং রয়্যাল ফিলহারমোনিক কনসার্ট অর্কেস্ট্রা।

ভিন্নধর্মী সংগীতশৈলী একত্রিত করার কারণে সীমিত মহড়ার সময় এবার আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

চায়না ন্যাশনাল ট্র্যাডিশনাল অর্কেস্ট্রার প্রধান কন্ডাক্টর লিউ শা বলেন, ‘এবার আমরা ব্রিটিশ অর্কেস্ট্রার সঙ্গে মিশ্র অর্কেস্ট্রায় কাজ করছি। তাই এটি একটি সিম্ফনি। একদিকে সিম্ফনি, অন্যদিকে চীনের ঐতিহ্যবাহী সংগীত। মহড়ার সময় কখনও কখনও কিছুটা কঠিন হয়ে পড়ে। কারণ সুরের উচ্চতা ও ভারসাম্যের বিষয়টি আমাদের বিবেচনায় রাখতে হয়।‘

লন্ডনের দর্শকদের কাছে পরিচিত বাদ্যযন্ত্রগুলোর পাশাপাশি মঞ্চে হুনানের লোকসংগীতের বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহ্যবাহী চীনা বাদ্যযন্ত্র— এরহু, পিপা, শেং ও বাঁশি—ব্যবহার করা হয়।

মহড়ার সময় যোগাযোগের ক্ষেত্রে অনুবাদকদের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হয়েছে। কারণ পশ্চিমা সংগীতশিল্পীরা ঐতিহ্যবাহী চীনা সংগীত পরিবেশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেন এবং চীনা ও ব্রিটিশ শিল্পীরা সিম্ফনি আয়োজনে একসঙ্গে কাজ করেন।

লন্ডন সিটি অর্কেস্ট্রার প্রধান কন্ডাক্টর থমাস পেইনে বলেন, ‘রয়্যাল ফিলহারমোনিক কনসার্ট অর্কেস্ট্রা পরিচালনা করতে পারাটা সত্যিই আনন্দের। তারা খুব দ্রুত সাড়া দেয়। কোনো কিছু ঠিকমতো না হলেও তারা বুঝতে পারে সমস্যাটা কোথায় এবং আপনার কিছু বলার আগেই তা ঠিক করে ফেলে। এই সংগীত হাজার হাজার বছর ধরে টিকে আছে। আমরা আশা করি, ভবিষ্যতেও এটি দীর্ঘদিন অব্যাহত থাকবে।‘

বিস্তৃত সংগীতভাণ্ডার থেকে অর্কেস্ট্রাটি একটি প্রাণবন্ত পরিবেশনার জন্য ঐতিহ্যবাহী জনপ্রিয় সংগীত, সমকালীন রচনা ও মৌলিক সৃষ্টির সমন্বয়ে অনুষ্ঠানসূচি সাজায়।

মধ্য-শরৎ উৎসবের আগমনের সঙ্গে মিল রেখে আয়োজিত এই কনসার্টে হুনানের লোকসংস্কৃতির নিজস্ব দৃষ্টিভঙ্গির মাধ্যমে পুনর্মিলন, আত্মমন্থন ও উদযাপনের চিরন্তন বিষয়গুলো তুলে ধরা হয়। এর মধ্য দিয়ে দর্শকদের জন্য সৃষ্টি হয় এক স্মরণীয় আন্তঃসাংস্কৃতিক অভিজ্ঞতা।

সূত্র: সিএমজি