শেনচৌ-২১ নভোচারীদের কাছে নতুন যন্ত্রপাতি, চলছে নতুন গবেষণা

ফয়সল আবদুল্লাহ

চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে দীর্ঘমেয়াদি অভিযানে ব্যস্ত শেনচৌ-২১ মিশনের নভোচারীরা। প্রায় ২০০ দিন কক্ষপথে থাকার পরও তারা সুস্থ থেকে বৈজ্ঞানিক গবেষণা ও স্টেশন রক্ষণাবেক্ষণের কাজ চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি সেখানে নতুন সরঞ্জাম ও গবেষণা সামগ্রী নিয়ে পৌঁছেছে থিয়েনচৌ-১০ কার্গো মহাকাশযান। এতে নতুন নতুন সব গবেষণা সুযোগ পাবেন শেনচৌ-২১ ও পরবর্তী মিশনের নভোচারীরা।

চীনের থিয়ানকং স্পেস স্টেশনে প্রায় ২০০ দিন কাটিয়ে ফেলেছেন শেনচৌ-২১ মিশনের তিন নভোচারী। শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন চাং লু, উ ফেই ও চাং হোংচাং।

সম্প্রতি থিয়ানচৌ-১০ কার্গো মহাকাশযান থেকে নতুন সরবরাহ পাওয়ার পর নভোচারীরা নতুন ধাপের মহাকাশ পরীক্ষা-নিরীক্ষা, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এবং স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন।

চলতি বছরের মে মাসের শুরুতে তারা ছয় মাসের নির্ধারিত অবস্থান সফলভাবে সম্পন্ন করেন। এরপর তাদের মিশনের মেয়াদ এক মাস বাড়ানো হয়।

৬ মে নভোচারীরা থিয়ানচৌ-৯ কার্গো মহাকাশযানের বিদায়ের প্রস্তুতি সম্পন্ন করেন। এর পাঁচ দিন পর, ১১ মে থিয়ানচৌ-১০ কার্গোযানটি ওয়েনছাং স্পেসক্রাফট উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাঠানো হয়। সেদিন সন্ধ্যায় হ্যাচ খুলে ৬২০০ কোটি নতুন সরঞ্জাম ও সরবরাহ আনলোড করা শুরু করেন তারা।

থিয়ানচৌ–১০ মহাকাশযানে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার যন্ত্রপাতি, পরীক্ষার নমুনা, ভোগ্যপণ্য রয়েছে। এগুলো কক্ষপথে পরিচালিত ৪১টি মহাকাশ গবেষণা প্রকল্পে কাজে লাগবে।

এর মধ্যে রয়েছে মহাকাশে কৃত্রিম মানব ভ্রূণ মডেল নিয়ে একটি পরীক্ষা। এই গবেষণায় মাইক্রোগ্রাভিটি ও মহাকাশ বিকিরণ মানব ভ্রূণের প্রাথমিক বিকাশ ও টিস্যু গঠনে কী প্রভাব ফেলে তা অনুসন্ধান করা হবে।

এ ছাড়া নভোচারীরা মহাকাশে মানুষের আচার-আচরণ ও আচরণগত নানা বিষয় নিয়ে গবেষণা করছেন। একই সঙ্গে মাইক্রোগ্রাভিটি পরিবেশ আমাদের মনোযোগে কোনো পরিবর্তন আনে কিনা সেটাও পরীক্ষা করা হচ্ছে।

মাইক্রোগ্রাভিটি পদার্থবিজ্ঞান নিয়েও গবেষণা চলছে। নভোচারীরা ইতোমধ্যে দহন পরীক্ষার প্লাগ স্যাম্পলিং কভার ও বার্নার পরিবর্তনসহ কিছু কাজ সম্পন্ন করেছেন।

মহাকাশ স্টেশনের রক্ষণাবেক্ষণেও নিয়মিত কাজ করছেন নভোচারীরা। এর মধ্যে রয়েছে কেবিনের সরঞ্জাম গোছানো এবং লাইফ-সাপোর্ট সিস্টেমের যন্ত্রপাতি পরীক্ষা করা।

চীনা তিন নভোচারী নিয়মিত তাদের পেট, হৃদ্‌যন্ত্র ও রক্তনালির আল্ট্রাসাউন্ড পরীক্ষা করছেন। পাশাপাশি ইসিজি, রক্তচাপ ও হৃদস্পন্দন পর্যবেক্ষণ, চোখের চাপ পরীক্ষাও করা হচ্ছে। মহাকাশে সংগৃহীত এসব তথ্য তারা পাঠাচ্ছেন পৃথিবীর চিকিৎসা বিশেষজ্ঞদের কাছে।

সূত্র: সিএমজি

china