২০২৬-৩০ মেয়াদে কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেবে চীন

 চীনের মন্ত্রিসভা স্টেট কাউন্সিল বুধবার প্রকাশিত নতুন পরিকল্পনায় জানিয়েছে, ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-৩০) মেয়াদে দেশটি সামগ্রিক কর্মসংস্থান স্থিতিশীল রাখবে। সেইসঙ্গে আরও বিস্তৃত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং আরও ন্যায্য কর্মপরিবেশ নিশ্চিত করবে।

পাঁচ বছরের কর্মসংস্থান-অগ্রাধিকার কৌশল বাস্তবায়নের এই পরিকল্পনায় কর্মসংস্থানের কাঠামো আরও উন্নতকরণ, চাকরি ও কর্মীর মধ্যে আরও কার্যকর সামঞ্জস্য নিশ্চিতকরণ, শ্রম সম্পর্ককে আরও সুসংহত করা এবং উচ্চমানসম্পন্ন ও পূর্ণ কর্মসংস্থানে নতুন অগ্রগতি অর্জনের ওপর জোর দেওয়া হয়েছে।

পরিকল্পনায় মানবসম্পদ বাজারে চাহিদা ও সরবরাহের অমিলজনিত প্রধান সমস্যার সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। এতে কর্মসংস্থান-অগ্রাধিকার কৌশল বাস্তবায়ন, কাঠামোগত কর্মসংস্থান বৈষম্য মোকাবিলা, কর্মসংস্থান ব্যবস্থার সংস্কার গভীরতর করা এবং ব্যাপক বেকারত্বের ঝুঁকি প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পরিকল্পনায় শিল্প ও কর্মসংস্থানের মধ্যে সমন্বয় জোরদার, শ্রমনির্ভর শিল্পে কর্মসংস্থানের পরিসর স্থিতিশীল রাখা, সেবা খাতে কর্মসংস্থানের সক্ষমতা বৃদ্ধি এবং উদীয়মান খাতে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে শিক্ষাব্যবস্থার সরবরাহ ও দক্ষ জনশক্তির চাহিদার মধ্যে সামঞ্জস্য বৃদ্ধি ও কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিচালনার ওপর জোর দেওয়া হয়েছে।

পরিকল্পনায় কলেজ স্নাতক ও অন্যান্য তরুণদের কর্মসংস্থান ও কর্মজীবনে সাফল্যের সুযোগ বাড়ানোর কথা বলা হয়েছে। গ্রামীণ অঞ্চল থেকে আসা অভিবাসী শ্রমিক, অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ গুরুত্বপূর্ণ গোষ্ঠীগুলোর জন্য সহায়তা বাড়ানোর পাশাপাশি চাকরি পেতে সমস্যায় থাকা ব্যক্তি ও নিবন্ধিত বেকারদের জন্য কর্মসংস্থান সহায়তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশজুড়ে শহরাঞ্চলে ১ কোটি ২৬ লাখ ৭০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় এবং শহুরে জরিপভিত্তিক গড় বেকারত্বের হার ছিল ৫ দশমিক ২ শতাংশ, যা বার্ষিক প্রায় ৫ দশমিক ৫ শতাংশ লক্ষ্যমাত্রার নিচে ছিল।

২০২৬ সালের জন্য সরকারি কর্মপ্রতিবেদনে শহরাঞ্চলে ১ কোটি ২০ লাখের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শহুরে জরিপভিত্তিক বেকারত্বের হার প্রায় ৫ দশমিক ৫ শতাংশে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে শহুরে জরিপভিত্তিক গড় বেকারত্বের হার ছিল ৫ দশমিক ২ শতাংশ।

বেইজিং চিয়াওথোং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও ব্যবস্থাপনা স্কুলের অধ্যাপক থাং তাইশেং বলেন, ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো কর্মসংস্থান কৌশলকে শুধু ‘কর্মসংস্থান অগ্রাধিকার’ থেকে উন্নীত করে ‘উচ্চমানসম্পন্ন ও পূর্ণ কর্মসংস্থান’-এ নিয়ে যাওয়া।

সিএমজি

china