ভোলার দৌলতখানে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন

ভোলার দৌলতখানের বাংলাবাজার মসজিদ মার্কেটের ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে মার্কেটের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শতাধিক ব্যবসায়ী এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে, যখন দোকানের মালিকানা সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী শিমুল চন্দ্র দাস ও রাখাল চন্দ্র দাসের সঙ্গে লিটন হাওলাদার ও আলম মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বাংলাবাজার মসজিদ মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি হাজি মোহাম্মদ শফিউল্লাহ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেন যে, স্থানীয় আলম মেম্বার ও লিটন হাওলাদারের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। হামলায় শিমুল চন্দ্র দাস ও রাখাল চন্দ্র দাস গুরুতর আহত হন। এদের মধ্যে রাখাল চন্দ্র দাসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে ভোলা সদর হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মানববন্ধন থেকে ব্যবসায়ী নেতারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে, মসজিদ কমিটিতে বহিরাগতদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে কমিটিকে বিতর্কিত করার অভিযোগ তুলে অবিলম্বে বর্তমান কমিটি বিলুপ্ত করার দাবি জানান ব্যবসায়ীরা।

উক্ত প্রতিবাদ কর্মসূচিতে ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক সাদেক বিশ্বাস, কোষাধ্যক্ষ শামীম ডাক্তার, সদস্য আলমগীরসহ মার্কেটের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরা দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

দৌলতখানবাংলাবাজারব্যবসায়ীভোলামানববন্ধন