সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: শাংহাইয়ে শুরু হয়েছে ২০২৬ সালের ‘ট্যুর অব শাংহাই’। শুক্রবার থেকে রোববার পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক সাইক্লিং প্রতিযোগিতা। এর মধ্য দিয়ে শহরটিতে শরতের সাইক্লিং মৌসুমও শুরু হলো।
এবারের প্রতিযোগিতায় প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবেন বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার সাইক্লিস্টরা। শাংহাইয়ের চিয়াতিং, সংচিয়াং, ছিংপু, ফেংসিয়ান ও নানহুই— এই পাঁচটি নতুন শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্য দিয়ে যাবে প্রতিযোগিতার রুট।
শাংহাইয়ে আয়োজিত প্রথম পুরুষদের ইউসিআই এশিয়া ট্যুরের এই প্রতিযোগিতায় ১২টি দেশের ২১টি পেশাদার দলের ১২২ জন সাইক্লিস্ট অংশ নিচ্ছেন।
প্রতিযোগিতা শুরুর আগে সাইক্লিস্টরা শাংহাইয়ের বিখ্যাত দ্য বান্ড এলাকায় প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ একটি শোভাযাত্রায় অংশ নেন। ঐতিহাসিক নদীতীর ধরে আয়োজিত এই শোভাযাত্রায় শাংহাইয়ের অন্যতম পরিচিত দৃশ্যগুলো তুলে ধরা হয়।
আয়োজকদের মতে, এই আয়োজনের মাধ্যমে বিশ্বের কাছে শাংহাইয়ের পাঁচটি নতুন শহরের উন্নয়ন ও আধুনিক রূপ তুলে ধরা হচ্ছে।
শরতের সাইক্লিং মৌসুমে এরপর শাংহাইয়ে অনুষ্ঠিত হবে ‘ট্যুর অব চংমিং আইল্যান্ড’ ইউসিআই উইমেন্স ওয়ার্ল্ড ট্যুর এবং ইউসিআই ট্র্যাক সাইক্লিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এসব আয়োজনের মাধ্যমে বিশ্বের সেরা সাইক্লিস্টদের পাশাপাশি অসংখ্য সাইক্লিংপ্রেমী শাংহাইয়ে জড়ো হবেন।
সূত্র: সিএমজি