ফুলব্রাইট ফরেন স্কলারশিপে যুক্তরাষ্ট্রে অধ্যয়নের সুযোগ, আবেদন শুরু এপ্রিলে

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আর্থিক সহায়তা অনেক সময় বড় বাধা হয়ে দাঁড়ায়। সেই বাধা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্কলারশিপ। আর যদি সেই বৃত্তি হয় যুক্তরাষ্ট্র সরকারের মর্যাদাপূর্ণ ফুলব্রাইট ফরেন স্কলারশিপ, তাহলে তা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ তৈরি করে। প্রতিবছর যুক্তরাষ্ট্র সরকার এই স্কলারশিপ প্রদান করে, যার মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ পান।

এই স্কলারশিপের আওতায় স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবীরা সম্পূর্ণ বিনা খরচে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৭–২০২৮ শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী এপ্রিল মাসে। তবে দেশভেদে আবেদনের সময়সীমা ভিন্ন হতে পারে।

‘ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম’–এর অধীনে বিশ্বের প্রায় ১৫৫টি দেশ থেকে প্রতিবছর প্রায় চার হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পান।

সুযোগ-সুবিধা

  • জে–১ ভিসা সহায়তা
  • বিমান ভাড়া (আসা–যাওয়া)
  • সম্পূর্ণ টিউশন ফি
  • থাকা, খাওয়া ও অন্যান্য খরচের জন্য মাসিক উপবৃত্তি
  • বই কেনার জন্য ভাতা
  • স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা
  • ভ্রমণ ও লাগেজ ভাতা

আবেদনের যোগ্যতা

  • বাংলাদেশের স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বপূর্ণ ফলাফলসহ ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে;
  • আগে কোনো আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া যাবে না এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি থাকা যাবে না;
  • বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া থাকলে আবেদন করা যাবে না (তবে বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদনযোগ্য);
  • যে বিষয়ে পড়তে আগ্রহী, সেই বিষয়ে প্রাসঙ্গিক ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে—টোফেল আইবিটিতে ন্যূনতম ৯০ অথবা আইইএলটিএসে ন্যূনতম ৭ স্কোর প্রয়োজন;
  • সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;
  • আবেদন করার সময় বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিক হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  • অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে;
  • অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র;
  • তিনটি সুপারিশপত্র;
  • অ্যাকাডেমিক রেকর্ড–সংক্রান্ত তথ্যের ফরম (অনলাইন আবেদন সাইটে পাওয়া যাবে);
  • টোফেল/আইইএলটিএস স্কোর;
  • যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা জিআরই (GRE) অথবা জিম্যাট (GMAT) স্কোর।

যদি কোনো আবেদনকারী ইতিমধ্যে জিআরই বা জিম্যাট পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে সেই পরীক্ষার প্রাপ্ত নম্বরের তথ্য অনলাইন আবেদনের সঙ্গে জমা দিতে হবে।

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আরও তথ্যের জন্য ঢাকার মার্কিন দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট রায়হানা সুলতানা–র ই-মেইল ঠিকানায় (sultanaR1@state.gov) যোগাযোগ করা যেতে পারে।

educationscholarship