ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার মেয়াদ শেষ হচ্ছে রোববার, হরমুজ ঘিরে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনায় আন্তর্জাতিক বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। এর মধ্যেই গত ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ আগামী রোববার শেষ হতে যাচ্ছে বলে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। এই সমঝোতার ৫ নম্বর ধারায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেওয়া হয়েছিল। তবে চুক্তি স্বাক্ষরের পরপরই উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন সামরিক স্থাপনায় উভয় দেশ নতুন করে হামলা শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান মধ্যস্থতার উদ্যোগ জোরদার করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এরই মধ্যে তেহরান সফর করেছেন এবং ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরান তাদের অবস্থানে অনড় রয়েছে। তেহরানের শর্তগুলোর মধ্যে রয়েছে মার্কিন সামরিক অভিযান বন্ধ করা এবং বিদেশে আটকে থাকা ইরানের অর্থ অবমুক্ত করা।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বেশ অস্পষ্ট। তিনি কখনও সংঘাত আরও বাড়ানোর হুমকি দিচ্ছেন, আবার কখনও শিগগিরই শান্তিচুক্তি হওয়ার আশ্বাস দিচ্ছেন। ট্রাম্পের এই দ্বিমুখী আচরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সব মিলিয়ে সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার আগে দুই দেশের মধ্যে নতুন কোনো সমঝোতা হয় কি না, নাকি হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা আরও বাড়ে—তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ বাড়ছে। বিশ্ব অর্থনীতিতে হরমুজ প্রণালির গুরুত্ব অপরিসীম হওয়ায় এই সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায় এখন তাকিয়ে আছে তেহরান ও ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে।

ইরানডোনাল্ড ট্রাম্পমধ্যপ্রাচ্যমহসিন নাকভিযুক্তরাষ্ট্রহরমুজ প্রণালি