ফেব্রুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ২০২৬ সালের বসন্ত উৎসব উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা নতুন চলচ্চিত্রগুলোর অগ্রিম টিকিট বিক্রি রোববার দুপুর পর্যন্ত ৩০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। এ তথ্য জানিয়েছে আলিবাবার মালিকানাধীন প্রতিষ্ঠান বক্স অফিস ট্র্যাকার লাইটহাউস প্রফেশনাল এডিশন।
১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৯ দিনের বসন্ত উৎসবের ছুটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র বাজার চীনের গুরুত্বপূর্ণ সিনেমা মৌসুম। এবার মুক্তির তালিকায় ফ্র্যাঞ্চাইজি, থ্রিলার এবং পারিবারিক সিনেমার মিশ্রণ রয়েছে।
আগ্রহের কেন্দ্রে রয়েছে পরিচালক হান হান নির্মিত রেসিং-কমেডি পেগাসাস-৩ এর তৃতীয় কিস্তি। অভিনয় করেছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা শ্যন থ্যং।
পরিচালক চাং ইমৌ নির্মিত গুপ্তচরভিত্তিক থ্রিলার ‘স্কেয়ার আউট’-ও ব্যাপক আগ্রহ কাড়ছে। রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের পরামর্শে নির্মিত এ সিনেমায় সামরিক বিমান সংক্রান্ত গোপন তথ্য ফাঁস ও পাল্টা গোয়েন্দা অভিযানের গল্প দেখানো হয়েছে।
অ্যাকশন কোরিওগ্রাফার ইউয়েন উ-পিং পরিচালিত ব্লেডস অব দ্য গার্ডিয়ানস বড় বাজেটের উশিয়া (মার্শাল আর্ট) চলচ্চিত্র, যা একটি জনপ্রিয় কমিক অবলম্বনে নির্মিত।
অ্যানিমেশন বিভাগে রয়েছে বুনি বিয়ার্স: দ্য হিডেন প্রোটেক্টর—ফ্র্যাঞ্চাইজিটির ১২তম কিস্তি, যার মোট আয় ইতোমধ্যে ৮০০ কোটি ইউয়ান ছাড়িয়েছে।
এ ছাড়া জ্যাকি চ্যান অভিনীত সিক্যুয়েল পান্ডা প্ল্যান: দ্য ম্যাজিক্যাল ট্রাইব এবং তরুণ দর্শকদের জন্য নির্মিত ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার পের অ্যাসপেরা অ্যাড অ্যাস্ট্রা-ও উৎসবের তালিকায় যুক্ত হয়েছে।
সূত্র: সিএমজি