নতুন নাটকে ইয়াশ রোহান ও আইশা খানের রসায়ন

ছোট পর্দার জনপ্রিয় মুখ আইশা খান ও ইয়াশ রোহান আবারও নতুন একটি নাটকে জুটি বেঁধেছেন। নাটকটির নাম ‘মন মায়াতে’। রহমান মোস্তাফিজ পাভেলের লেখা কাহিনি ও চিত্রনাট্যে নাটকটির সংলাপ রচনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন মিশুক মিঠু। এর আগে ‘প্রেমের তরী’ নাটকে এই জুটির রসায়ন দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ভিন্নধর্মী এক প্রেমের গল্প নিয়ে পর্দায় ফিরছেন তারা। নির্মাতা জানিয়েছেন, নাটকটি খুব শিগগিরই ‘নাটক বাড়ি’ ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে।

নাটকটিতে ইয়াশ ও আইশা ছাড়াও অভিনয় করেছেন দীপা খন্দকার, মাসুম বাসার, শিল্পী সরকার, আশরাফুল আশীষ, অদিতি জামান স্নেহা এবং আরিয়া নূর সিদ্দিকী। অভিনেত্রী আইশা খান জানান, কিছু গল্প চেনা জগতের নানা ঘটনার মধ্য দিয়ে দর্শকের মনে গভীর ছাপ ফেলে। ‘মন মায়াতে’ তেমনই একটি কাজ, যা বিনোদনের পাশাপাশি দর্শকদের যাপিত জীবন নিয়ে নতুন করে ভাবাবে।

অভিনয় ক্যারিয়ারের বর্তমান সময়টা বেশ ব্যস্ততায় কাটছে আইশার। সম্প্রতি তার অভিনীত সিনেমা ‘শেকড়’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, যা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছে। প্রসূন রহমান পরিচালিত এই সিনেমায় ফাল্গুনী চরিত্রে অভিনয় করে দর্শক নজর কেড়েছেন তিনি। শেকড়ের টান, দেশ, পরিবার, পরিচয়, স্মৃতি ও বিশ্বাসের বন্ধন নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনি। অভিনয়ের পাশাপাশি বর্তমানে আইশা উপস্থাপনার কাজেও নিজেকে ব্যস্ত রেখেছেন।

আইশা খানইয়াশ রোহানবাংলা নাটকবিনোদনমন মায়াতে