মার্চ ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিজ্ঞানীরা উচ্চ-নির্ভুলতার ত্রিমাত্রিক মুখাবয়বের ডেটাবেস তৈরি করে ব্যক্তিকেন্দ্রিক ডিজিটাল মানব মডেলিংয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন। এই প্রযুক্তি ভবিষ্যতে মানুষ ও কম্পিউটারের মধ্যে আরও স্বাভাবিক ও বাস্তবসম্মত যোগাযোগ নিশ্চিত করতে সহায়তা করবে।
গবেষকদের মতে, ভার্চুয়াল মানুষ বা ডিজিটাল হিউম্যানকে জীবন্ত আবেগ প্রকাশ, মানুষের পরিচয় শনাক্তকরণ এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রদর্শনের জন্য ৩ডি মুখের মূল পয়েন্ট শনাক্তকরণ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে এতদিন বড় পরিসরের এবং সঠিকভাবে চিহ্নিত থ্রিডি মুখাবয়ব ডেটার অভাব ছিল। ফলে অধিকাংশ থ্রিডি মুখ শনাক্তকরণ অ্যালগরিদমকে দ্বিমাত্রিক টেক্সচার বা বাস্তবসম্মত নয় এমন ডিজিটাল মুখের ওপর নির্ভর করতে হতো। এতে প্রযুক্তিটির নির্ভুলতা ও ব্যবহারযোগ্যতা সীমিত ছিল।
এই সমস্যা সমাধানে চীনা একদল গবেষক নতুন একটি কার্ভেচার-ফিউজড গ্রাফ অ্যাটেনশন নেটওয়ার্ক প্রযুক্তি তৈরি করেছেন। এটি সরাসরি থ্রিডি পয়েন্ট ক্লাউড ডেটা থেকে মুখের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নির্ধারণ করতে পারে। এর ফলে একরকম সাধারণ মডেলের বদলে ব্যক্তিভিত্তিক মুখের মডেল তৈরি করা সম্ভব হচ্ছে।
গবেষণাটি চীনা বিজ্ঞান একাডেমির শেনচেন ইনস্টিটিউটস অব অ্যাডভান্সড টেকনোলজি এবং ফুচিয়ান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যৌথ উদ্যোগে সম্পন্ন হয়েছে। এ সংক্রান্ত ফলাফল সম্প্রতি আইইইই ট্রানসেকশন অন সারকিটস অ্যান্ড সিস্টেমস ফর ভিডিও টেকনোলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
এ কাজে গবেষকরা একটি বিশেষ থ্রিডি মুখাবয়ব সংগ্রহ ব্যবস্থা তৈরি করে প্রায় ২ লাখ উচ্চমানের স্ক্যান সংগ্রহ করেছেন।
গবেষকদের মতে, এই ডেটাবেস হিউম্যানয়েড রোবটের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ভিত্তি হিসেবে কাজ করবে। এটি রোবটকে মানুষের মুখাবয়ব সঠিকভাবে বোঝা, আবেগ প্রকাশ এবং আচরণ তৈরি করার জন্য প্রয়োজনীয় ডেটা সরবরাহ করবে।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: চায়না ডেইলি