চীন মেধাস্বত্ব এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) পারস্পরিক উন্নয়ন ও সমন্বিত অগ্রগতিকে উৎসাহিত করবে বলে জানিয়েছে দেশটির জাতীয় মেধাস্বত্ব প্রশাসন।
বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রশাসনের উপপ্রধান রুই ওয়েনবিয়াও বলেন, জুন মাসের শেষ পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট, ক্লাউড কম্পিউটিং এবং বিগ ডেটাসহ নতুন প্রজন্মের তথ্যপ্রযুক্তি খাতে চীনের বৈধ উদ্ভাবনী পেটেন্টের সংখ্যা মোট পেটেন্টের ১৬ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে।
রুই বলেন, ‘আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা-সৃষ্ট কাজের পেটেন্টযোগ্যতা, যোগ্য পেটেন্ট আবেদনকারী এবং পেটেন্ট সুরক্ষার বিষয়বস্তু শনাক্তকরণের তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় নিয়ে গভীর গবেষণা পরিচালনা করব।‘
রুই ওয়েনবিয়াও জানান, বর্তমানে ট্রেডমার্ক ও পেটেন্ট আবেদনের জন্য গ্রহণযোগ্য পণ্য ও সেবার তালিকায় কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিগ ডেটাসংক্রান্ত নতুন শিল্প ও ব্যবসায়িক মডেলের ৯০০টিরও বেশি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এই তালিকা নিয়মিত হালনাগাদ করা হবে এবং মেধাস্বত্ব খাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বৃহৎ মডেলের প্রয়োগ ও ব্যবহারও আরও সম্প্রসারণ করা হবে।
সূত্র: সিএমজি বাংলা