ভ্রমণ মৌসুমে সিনচিয়াংয়ে নতুন পর্যটক ট্রেন

আফরিন মিম

গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে পর্যটকের বাড়তি চাহিদা মেটাতে চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে চালু হয়েছে নতুন পর্যটক ট্রেন। শনিবার সকালে অঞ্চলটির রাজধানী উরুমছি থেকে এ ট্রেনটি যাত্রা শুরু করে।

ওয়াই-৯৩৩ নামের ট্রেনটি চলতি গ্রীষ্ম মৌসুমে চালু হওয়া ১৫তম পর্যটক ট্রেন। ১২ দিনের এ ভ্রমণে ট্রেনটি প্রায় ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে।

ট্রেনটির রুটে থিয়ানশান পর্বতমালার উত্তর ও দক্ষিণাঞ্চলের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। যাত্রাপথে পর্যটকরা খানাস দর্শনীয় এলাকা, খেখেথোহাই এবং ঐতিহাসিক কাশগর প্রাচীন নগরী ঘুরে দেখার সুযোগ পাবেন। এই রুটে সিনচিয়াংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যও কাছ থেকে জানার সুযোগ মিলবে।

‘চায়নার নিউ ওরিয়েন্টাল এক্সপ্রেস’ নামে পরিচিত এই ট্রেনে যাত্রীদের জন্য আধুনিক ও আরামদায়ক নানা সুবিধা আছে। আছে খাবারের কোচ, পাব কার এবং দুই ও চারজনের জন্য আলাদা কেবিন। প্রতিটি কেবিনে রয়েছে ব্যক্তিগত শোচাগার। এ ছাড়া পরিবার নিয়ে ভ্রমণকারীদের জন্য নতুনভাবে বিশেষ পারিবারিক কক্ষও যুক্ত করা হয়েছে।

সিনচিয়াং রেলওয়ে ট্যুরিজম ডেভেলপমেন্ট গ্রুপের পর্যটন বিভাগের কর্মকর্তা লিন ওয়েন বলেন, ‘বর্তমানে অনেক পর্যটক ধীরগতিতে ভ্রমণ করে কোন অঞ্চলের প্রকৃতি ও সংস্কৃতি গভীরভাবে উপভোগ করতে চান। তাই এ গ্রীষ্মে গত বছরের তুলনায় আরও বেশি পর্যটক ট্রেন পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।’

চায়না রেলওয়ে উরুমছি গ্রুপ জানিয়েছে যে, এ বছরে তারা মোট ১০০টি পর্যটক ট্রেন পরিচালনা করবে। এরই মধ্যে ৫৬টি ট্রেন চলাচল করেছে এবং ১৭ হাজারের বেশি পর্যটক এসব সেবার সুবিধা নিয়েছেন।

সূত্র: সিএমজি বাংলা

chinatraintravel