ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ‘ফল ২০২৬’ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আশুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’তে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুনদের স্বাগত জানানো হয়। এই আয়োজনে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, সহশিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

সকালে স্বাধীনতা সম্মেলনকেন্দ্রে নবীনদের ফুল ও স্মারক উপহার দিয়ে বরণ করে নেন বিএনসিসি, এয়ার রোভার স্কাউট এবং শিক্ষার্থী স্বেচ্ছাসেবকেরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব এবং আন্তর্জাতিকবিষয়ক দপ্তর, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার, এইচআরডিআই, অ্যাডমিশন.এসি, স্কিল.জবস, গোএডু ও ডিআইএলসি-এর বুথগুলো শিক্ষার্থীদের বিভিন্ন সেবা ও কার্যক্রমের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ মুশফিকুর রহিম। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজের জীবনের অভিজ্ঞতার আলোকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। এরপর বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অফিস অব দ্য স্টুডেন্টস অ্যাফেয়ার্সের উপদেষ্টা অধ্যাপক এ বি এম কামাল পাশা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আর কবির নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান ভিডিও বার্তার মাধ্যমে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সফল অ্যালামনাইদের অভিজ্ঞতা বিনিময় পর্ব। এতে অংশ নেন এসএসএল কমার্সের কি-অ্যাকাউন্ট ম্যানেজার প্রিয়া রানী দে, এসিআই মোটরস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. ফরহাদ হোসাইন, মিয়াকি মিডিয়া লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. সাজ্জাদুর রহমান শাওন এবং সানপাওয়ার টেকনোলজির প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম। তাঁরা নবীনদের সঙ্গে কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ ও ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া ‘মিট দ্য অ্যাচিভার্স’ পর্বে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় এবং ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যাপক এ বি এম কামাল পাশা। দিনশেষে বিকেলে স্বাধীনতা সম্মেলনকেন্দ্রে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনবরণ শেষ হয়।

ক্যাম্পাস সংবাদড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিনবীনবরণফল ২০২৬মুশফিকুর রহিম