এপ্রিল ১৬: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (বুধবার) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, তিনি “ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা কমিয়ে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করছেন।” তিনি আরও জানান, দেশ দুটির নেতারা “আগামীকালই” নিজেদের মধ্যে কথা বলবেন।
ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, “দুই দেশের (ইসরায়েল ও লেবানন) নেতারা দীর্ঘ সময় ধরে, প্রায় ৩৪ বছর ধরে একে অপরের সঙ্গে কথা বলেননি। আগামীকালই সেই কাঙ্ক্ষিত দিন, যখন তারা কথা বলবেন।” তবে ইসরায়েল ও লেবাননের মধ্যে এই সম্ভাব্য আলোচনা সম্পর্কে তিনি বিস্তারিত আর কোনো তথ্য জানাননি।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবানন সরকারের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় অংশ নেন। দেশ দুটির মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তাই এই বৈঠকটিকে গত “কয়েক দশকের” মধ্যে উভয় দেশের বেসামরিক কর্মকর্তাদের মধ্যকার প্রথম সরাসরি বৈঠক বলে অভিহিত করা হচ্ছে।
সূত্র: সিএমজি