আফ্রিকান দেশগুলোর সঙ্গে পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় জোরদার, বোঝাপড়া ও ঘনিষ্ঠতা বৃদ্ধি এবং যৌথভাবে আধুনিকীকরণ এগিয়ে নিতে চায় চীন। আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র কুও চিয়া খুন এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে জনৈক সাংবাদিক সম্প্রতি বেইজিং ও শানসিতে অনুষ্ঠিত দশম চীন-আফ্রিকা যুব সমাবেশ এবং আফ্রিকান গণমাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রতিবেদন প্রকাশের বিষয়টি উল্লেখ করে বিস্তারিত জানতে চান।
জবাবে কুও চিয়া খুন বলেন, চীন-আফ্রিকা যুব সমাবেশ চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের কাঠামোর আওতায় একটি নিয়মিত প্রাতিষ্ঠানিক কার্যক্রম। এ পর্যন্ত টানা ১০ বার এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং এটি চীন ও আফ্রিকার তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
তিনি জানান, সম্প্রতি বেইজিং ও শানসিতে দশম চীন-আফ্রিকা যুব সমাবেশ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে আফ্রিকার ৬০ জনের বেশি তরুণ অংশ নেন। তাঁরা চীনের কমিউনিস্ট পার্টির ইতিহাস প্রদর্শনী ভবন এবং ইয়ানআন বিপ্লব স্মৃতি জাদুঘরসহ বিভিন্ন স্থান পরিদর্শন করে সিপিসি’র মহান সংগ্রামের ইতিহাস সম্পর্কে জেনেছেন।
এ ছাড়া, তাঁরা চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলন পরিদর্শন করে দেশের সমাজতান্ত্রিক পরামর্শভিত্তিক গণতন্ত্র সম্পর্কে ধারণা লাভ করেন। ফরবিডেন সিটিসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনের মাধ্যমে চীনা সভ্যতার গভীরতা উপলব্ধি করেন এবং উচ্চপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ঘুরে চীনের অর্থনৈতিক প্রাণশক্তি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন। বৈচিত্র্যময় ও আন্তরিকতাপূর্ণ এসব কার্যক্রমের মাধ্যমে চীন ও আফ্রিকার তরুণদের মধ্যে গভীর ও হৃদ্যতাপূর্ণ বিনিময় হয়েছে।
কুও চিয়া খুন আরও বলেন, চলতি বছর চীন ও আফ্রিকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সূচনার ৭০তম বার্ষিকী। একই সঙ্গে এ বছর ‘চীন-আফ্রিকা মানবিক ও সাংস্কৃতিক বিনিময় বছর’ পালিত হচ্ছে।
তিনি বলেন, ‘আমরা আফ্রিকান দেশগুলোর সঙ্গে পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় আরও জোরদার করতে, পারস্পরিক বোঝাপড়া ও ঘনিষ্ঠতা বাড়াতে, যৌথভাবে চীন-আফ্রিকার আধুনিকীকরণ এগিয়ে নিতে এবং মানবজাতির অভিন্ন ভবিষ্যতের সমাজ গড়ে তুলতে ইচ্ছুক।’
সিএমজি