স্থানীয় সময় গত বুধবার মন্টেভিডিওতে, চায়না মিডিয়া গ্রুপ ও উরুগুয়েতে চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে, ‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপ আয়োজিত হয়।
অনুষ্ঠানে ভিডিও-বার্তা পাঠান উরুগুয়ের ভাইস প্রেসিডেন্ট ক্যারোলিনা কোস এবং চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাইশিয়ং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উরুগুয়েতে চীনা দূতাবাসের শ্যাজে ডেফেয়ার্স হ্য ফেই এবং উরুগুয়ের ক্ষমতাসীন জোট ব্রড ফ্রন্টের চেয়ারম্যান ফার্নান্দো পেরেইরাসহ দুই দেশের বিভিন্ন মহলের বিশিষ্ট অতিথিরা।
ভিডিও-বার্তায় উরুগুয়ের ভাইস প্রেসিডেন্ট ক্যারোলিনা কোস বলেন, উরুগুয়ে ও চীনের মধ্যে বিশাল সমুদ্রের দূরত্ব থাকলেও, দুই দেশের বন্ধুত্ব ক্রমাগত গভীর হচ্ছে এবং পারস্পরিক সহযোগিতায় সুফল অর্জিত হচ্ছে। দুই দেশের ইতিহাস, সামাজিক ব্যবস্থা ও সাংস্কৃতিক পটভূমিতে পার্থক্য থাকলেও, জনগণের জীবনমান উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, ও টেকসই উন্নয়ন অর্জনের মতো বিষয়ে উভয় দেশের অভিন্ন উদ্বেগ ও লক্ষ্য রয়েছে।
ভিডিও-বার্তায় সিপিসি’র কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাইশিয়ং বলেন, চীনা কমিউনিস্ট পার্টির কুড়িতম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন, বিশ্বের রাজনৈতিক দলগুলোর গঠন, রাষ্ট্র পরিচালনা এবং বৈশ্বিক শাসনব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে বলে আমরা বিশ্বাস করি। অস্থিরতা ও পরিবর্তনে ভরা বিশ্বে এটি আরও মূল্যবান জনকল্যাণমূলক অবদান রাখবে। চায়না মিডিয়া গ্রুপ চীনা কমিউনিস্ট পার্টির সাফল্যের পথ ও অভিজ্ঞতা তুলে ধরা এবং ব্যাখ্যা করার কাজ অব্যাহত রাখবে। পাশাপাশি, সিপিসি’র গল্প আরও ভালোভাবে তুলে ধরা, পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের সংলাপের প্ল্যাটফর্ম গড়ে তোলা, এবং মানবিক ও সাংস্কৃতিক বিনিময় আরও গভীর করার উদ্যোগ অব্যাহত রাখবে।
শ্যাজে ডেফেয়ার্স হ্য ফেই বলেন, চীন ও উরুগুয়ের আয়তন ও ইতিহাস-সংস্কৃতিতে পার্থক্য থাকলেও, দুই দেশ পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। সমতা ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে, বড় ও ছোট দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রে, দুই দেশ একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। দুই দেশের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার পর থেকে, উচ্চপর্যায়ের যোগাযোগ বেড়েছে এবং রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
উরুগুয়ের ক্ষমতাসীন জোট ব্রড ফ্রন্টের চেয়ারম্যান ফার্নান্দো পেরেইরা বলেন, চীনের উন্নয়ন-অভিজ্ঞতা বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শিক্ষা ও দিকনির্দেশনা দেয়। উরুগুয়ের বিভিন্ন রাজনৈতিক দল, চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগ ও বিনিময় আরও গভীর করতে আগ্রহী। এর মাধ্যমে চীনের উন্নয়ন-পরিকল্পনা, কৌশলগত পদক্ষেপ ও উন্নয়নের সাফল্য সম্পর্কে আরও গভীরভাবে জানতে চায় তারা।
সূত্র: সিএমজি