কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই প্রযুক্তির উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে বৈশ্বিক পর্যায়ে সংলাপ আরও জোরদারের বিষয়ে একমত হয়েছে চীন ও চার নর্ডিক দেশ। এআইয়ের সমষ্টিগত বৈশ্বিক শাসনব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিমালা ও নিয়ম অনুসন্ধানেও একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে উভয়পক্ষ।
মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, ২ থেকে ৭ জুলাই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড ও নরওয়ে সফরে এ বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে।
এসময় মাও নিং বলেন, চার নর্ডিক দেশই বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের অন্যতম শক্তিশালী কেন্দ্র। তিনি আশা প্রকাশ করেন, উভয় পক্ষের প্রতিষ্ঠানগুলো নিজ নিজ সক্ষমতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে উদ্ভাবনের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে যৌথভাবে কাজ করবে।
সফরকালে ওয়াং ই চার দেশের পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। উভয়পক্ষ ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখা, কৌশলগত সমন্বয় জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়।
এ ছাড়া চীন ও চার নর্ডিক দেশ জাতিসংঘের ভূমিকা আরও শক্তিশালী করা, বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানো এবং ভারসাম্যপূর্ণ শাসনব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
সিএমজি বাংলা