মে ১৫, সিএমজি বাংলা ডেস্ক: নবায়নযোগ্য জ্বালানিচালিত যানবাহনের (এনইভি) নিরাপত্তা তদারকি আরও জোরদার এবং শিল্পটির সুষ্ঠু ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়সহ কয়েকটি সংস্থা।
দেশটির শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, রাষ্ট্রীয় বাজার নিয়ন্ত্রণ প্রশাসন এবং জাতীয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার প্রশাসন বৃহস্পতিবার যৌথভাবে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে যানবাহন নির্মাতা এবং পাওয়ার ব্যাটারি প্রস্তুতকারকদের পণ্যের গুণমান ও নিরাপত্তার প্রাথমিক দায়িত্ব গ্রহণ করতে এবং এই কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে আহ্বান জানানো হয়।
এছাড়াও, যানবাহনের সঠিক ব্যবহার সম্পর্কে ভোক্তাদের নির্দেশনা দিতে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি যাচাই-বাছাই আরও জোরদার এবং নিরাপত্তার ন্যূনতম মান দৃঢ়ভাবে রক্ষা করার জন্য আরও বেশি প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়।
এই তিন কর্তৃপক্ষ জানিয়েছে তারা নিরাপত্তা ঝুঁকি ও ত্রুটি তদন্তে অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সাথে কাজ করবে, প্রাতিষ্ঠানিক লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং একটি সুষ্ঠু শিল্প উন্নয়ন ব্যবস্থা বজায় রাখবে।