নভেম্বর ১৯: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, আজ (বৃহস্পতিবার) শেনচেনের আন্তর্জাতিক যোগাযোগকেন্দ্রে, ৩৩তম এপেক অনানুষ্ঠানিক শীর্ষসম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে তিনি ‘এশিয়া-প্যাসিফিক অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা এবং অঞ্চলটির একটি নতুন অধ্যায় রচনা’ শীর্ষক ভাষণ দেন।
ভাষণে সি বলেন, ৩০ বছরেরও বেশি সময় ধরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দ্রুত অর্থনৈতিক উন্নয়নের এক বিস্ময়কর দৃষ্টান্ত স্থাপন করেছে। নতুন সুযোগ ও চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে, এশিয়া-প্যাসিফিক সহযোগিতাকে নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে; যৌথভাবে সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে; উন্মুক্তকরণ ও সংযোগ ত্বরান্বিত করে, অর্থনীতির একীকরণের প্রক্রিয়া উন্নত করতে হবে; উদ্ভাবন বজায় রাখতে এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত যোগাযোগ ও সহযোগিতাকে উত্সাহ দিতে হবে। আর এ সবের লক্ষ্য হবে, একটি উন্মুক্ত, ন্যায্য, ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা।
সি জোর দিয়ে বলেন, চীন বিভিন্ন পক্ষের সাথে যৌথভাবে, এশিয়া-প্যাসিফিক অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যেতে ইচ্ছুক।
ভাষণে সি চিন পিং এশিয়া-প্যাসিফিক সহযোগিতা সমর্থনের নতুন ব্যবস্থা ঘোষণা করে বলেন, চীন এপেক-এর মধ্যে বাস্তব সহযোগিতা বাস্তবায়নের জন্য, ২০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে; নীতি গবেষণা ও বিনিময় পরিচালনা ও বুদ্ধিবৃত্তিক সহায়তা প্রদানের জন্য, শেনচেনে এশিয়া-প্যাসিফিক কমিউনিটি রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করবে; এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উদ্ভাবন ও সবুজ প্রবৃদ্ধিতে সহায়তা করার জন্য, ডিজিটাল প্রযুক্তি, আন্তঃসীমান্ত তথ্য প্রবাহ, পরিচ্ছন্ন শক্তি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের উন্নয়নের মতো ক্ষেত্রে সহযোগী প্রতিষ্ঠান স্থাপন করবে।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা, এপেক চীনা বর্ষের সাফল্যের প্রশংসা করেন। তাঁরা সহযোগিতা চালিয়ে, যৌথভাবে চ্যালেঞ্জ ও ঝুঁকি মোকাবিলা করা এবং বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য অবদান রাখার কথা ঘোষণা করেন।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে ২০২৬ সালের জন্য এপেক নেতাদের ঘোষণাপত্র গৃহীত হয়; এশিয়া-প্যাসিফিক অভিন্ন কল্যাণের সমাজ গঠনের জন্য ‘শেনচেন ভিশন’ প্রস্তাব করা হয়; এবং বাণিজ্য, সংযোগ ও উদ্ভাবন ক্ষেত্রে তিনটি ফলাফল-সংক্রান্ত নথি পেশ করা হয়।
পরবর্তী আয়োজক-দেশের কাছে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে সম্মেলন শেষ হয়। ২০২৭ সালের এপেক শীর্ষসম্মেলনের আয়োজক ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম, আগামী বছরের সম্মেলনে অংশগ্রহণ করতে, এপেকের নেতৃবৃন্দকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানান। সিএমজি