কোরীয় উপদ্বীপে ফাদারল্যান্ড লিবারেশন ওয়ারে বিজয়ের ৭৩তম বার্ষিকী উপলক্ষে চীনা পিপলস ভলান্টিয়ার আর্মির (সিপিভি) শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী কোরিয়ার (ডিপিআরকে) সর্বোচ্চ নেতা কিম জং উন।
সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, রোববার ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিষয়ক কমিশনের সভাপতি কিম জং উন দক্ষিণ ফিয়ংআন প্রদেশের হোচাং কাউন্টিতে অবস্থিত চীনা স্বেচ্ছাসেবী সেনাদের শহীদ সমাধিক্ষেত্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি শহীদদের স্মৃতির প্রতি নীরব শ্রদ্ধা নিবেদন করেন এবং চীনের প্রয়াত নেতা মাও সেতুংয়ের পুত্র ও কোরীয় যুদ্ধে নিহত মাও আনইংয়ের সমাধিতে ফুল অর্পণ করেন। এছাড়া কিম জং উনের নামে চীনা স্বেচ্ছাসেবী সেনাদের স্মৃতিস্তম্ভে একটি পুষ্পস্তবকও অর্পণ করা হয়।
প্রায় ৯০ হাজার বর্গমিটার আয়তনের এই সমাধিক্ষেত্রে ভাস্কর্য, শিলালিপি, রিলিফ ও চিত্রকর্মের মাধ্যমে কোরীয় যুদ্ধে চীনা স্বেচ্ছাসেবী সেনাদের আত্মত্যাগ ও বীরত্বগাথা তুলে ধরা হয়েছে।
সূত্র: সিএমজি