গৃহসজ্জা, আসবাবপত্র, মানসম্মত গৃহস্থালি সামগ্রী ও উপহারপণ্যের সমাহার নিয়ে চীনের ১৪০তম আমদানি ও রপ্তানি মেলার (ক্যান্টন ফেয়ার) দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। শুক্রবার দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ শহরে পাঁচ দিনব্যাপী এ পর্বের উদ্বোধন করা হয়।
‘মানসম্মত গৃহজীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ পর্বে বিভিন্ন দেশের ক্রেতাদের চাহিদা অনুযায়ী আধুনিক ও নান্দনিক গৃহসামগ্রী প্রদর্শিত হচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, দ্বিতীয় পর্বের প্রদর্শনী এলাকা ৫ লাখ ১৫ হাজার বর্গমিটারেরও বেশি। এতে রয়েছে ২৫ হাজারের বেশি প্রদর্শনী বুথ। রপ্তানি বিভাগে অংশ নিচ্ছে প্রায় ১১ হাজার প্রতিষ্ঠান। এর মধ্যে ৩ হাজার ৬০০টিরও বেশি মানসম্পন্ন প্রতিষ্ঠান তাদের ২০ লাখের বেশি পণ্য প্রদর্শন করছে।
অন্যদিকে, আমদানি বিভাগে ২৭টি দেশ ও অঞ্চল থেকে ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান রান্নাঘরের সরঞ্জাম ও গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন পণ্য তুলে ধরছে।
এ পর্বে ভবন ও আসবাবপত্র, গৃহস্থালি সামগ্রী এবং উপহার ও সাজসজ্জার পণ্য—এই তিনটি বিভাগ বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রতিটি বিভাগে প্রদর্শনীর জন্য ১ লাখ ৩০ হাজার বর্গমিটারেরও বেশি এলাকা রাখা হয়েছে। ফলে আন্তর্জাতিক ক্রেতারা একই স্থানে মানসম্মত ও নান্দনিক গৃহপণ্য দেখার সুযোগ পাচ্ছেন।
সূত্র: সিএমজি