চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অপপ্রচার ও দমন-পীড়ন বন্ধে বেইজিংয়ের আহ্বান

চীনা প্রতিষ্ঠানগুলোর উল্লেখযোগ্য অগ্রগতি স্বীকার করতে এবং তাদের বিরুদ্ধে অপপ্রচার ও দমন-পীড়ন বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

পাঁচটি চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মঙ্গলবার এ মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র। একই সঙ্গে ওয়াশিংটনকে সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা এবং চীন-যুক্তরাষ্ট্রের বৃহত্তর অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা রক্ষার আহ্বান জানান তিনি।

যুক্তরাষ্ট্র সরকার সোমবার ‘আমেরিকার বুদ্ধিবৃত্তিক সম্পদ রক্ষা আইনের আওতায় ‘বাণিজ্যিক গোপনীয়তা চুরির’ অভিযোগে পাঁচটি চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে মন্ত্রণালয়ের ওই মুখপাত্র জানান, চীন এ পদক্ষেপের বিষয়ে অবগত রয়েছে।

মুখপাত্র বলেন, “যুক্তরাষ্ট্র তথাকথিত ‘বাণিজ্যিক গোপনীয়তা চুরির’ অভিযোগ এনে চীনা কোম্পানিগুলোকে কলঙ্কিত এবং তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চাইছে। এতে কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, ‘এ পদক্ষেপ অত্যন্ত গুরুতর। চীন এর তীব্র বিরোধিতা করছে।‘

মুখপাত্র আরও বলেন, ‘চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানিগুলোর দ্রুত বিকাশের পেছনে রয়েছে বছরের পর বছর গবেষণা এবং উদ্ভাবনে ধারাবাহিক বিনিয়োগ। এটি স্বাধীন প্রযুক্তিগত উদ্ভাবন ও উন্মুক্ত সহযোগিতার প্রতি চীনের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি জোর দিয়ে বলেন, “এ অগ্রগতি চীন, যুক্তরাষ্ট্র এবং বৃহত্তর বিশ্বের জন্য সুফল বয়ে আনে। এর সঙ্গে কথিত ‘বাণিজ্যিক গোপনীয়তা চুরির’ কোনো সম্পর্ক নেই।“

মুখপাত্র যুক্তরাষ্ট্রকে যত দ্রুত সম্ভব তাদের ভুল পদক্ষেপ সংশোধনের আহ্বান জানান। একইসঙ্গে সতর্ক করে বলেন, ‘চীন এর জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং চীনা কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।‘

সূত্র: সিএমজি