চীনের মেগা প্রকল্পে যুক্ত হলো উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা

চীনের মেগা প্রকল্প ‘সাউথ-টু-নর্থ ওয়াটার ডাইভারশন’-এর পানি ব্যবস্থাপনা, মান সুরক্ষা এবং সার্বিক পরিচালনার জন্য একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থা চালু করা হয়েছে। সম্প্রতি প্রকল্পটি পরিচালনাকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘চায়না সাউথ-টু-নর্থ ওয়াটার ডাইভারশন করপোরেশন’ এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি তাদের নতুন এআই মডেল ‘থিয়ানহ্য ভি২’ উন্মোচন করেছে। আগের ‘ভি১’ সংস্করণের ওপর ভিত্তি করে তৈরি এই উন্নত ব্যবস্থাটি এখন আরও বড় পরিসরে কাজ করবে। এটি তথ্য, কারিগরি প্রক্রিয়া ও আধুনিক প্রযুক্তিকে একসঙ্গে কাজে লাগিয়ে পুরো পানি সরবরাহ নেটওয়ার্কের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

‘সাউথ-টু-নর্থ ওয়াটার ডাইভারশন প্রজেক্ট’ বিশ্বের বৃহত্তম পানি-স্থানান্তর উদ্যোগ। পূর্ব চীনের পানি-সমৃদ্ধ ইয়াংজি নদী অববাহিকা থেকে দেশটির শুষ্ক উত্তরাঞ্চলে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন এই এআই মডেলটিকে ২৭টি রিমোট-সেন্সিং স্যাটেলাইট এবং ২৩৭টি আবহাওয়া রাডারের সঙ্গে যুক্ত করা হয়েছে। বৃষ্টিপাত ও পানির স্তরসহ বিভিন্ন উৎসের তথ্য একত্রিত করে এটি বন্যা পরিস্থিতি বিশ্লেষণের সময় কয়েক ঘণ্টা থেকে কমিয়ে মাত্র কয়েক মিনিটে নামিয়ে আনতে সক্ষম।

অন্যদিকে, পানির মান ঠিক রাখতে ‘ভি২’ মডেলটি পানির উৎস থেকে শুরু করে খাল ও গন্তব্য অঞ্চল পর্যন্ত পুরো নেটওয়ার্ক নজরদারিতে রাখে। এর তথ্যভান্ডারে ৫ কোটি পর্যবেক্ষণ তথ্য জমা আছে। মডেলটি পানিতে কোনো দূষণ বা শৈবাল কীভাবে ছড়াতে পারে, তা আগেভাগেই অনুমান করতে পারে এবং সে অনুযায়ী পানির গেট খোলার বা বন্ধ করার পরামর্শসহ জরুরি পরিকল্পনা তৈরি করে। ফলে পানির মানের যেকোনো সমস্যা এখন তথ্যের ভিত্তিতে আরও নিখুঁতভাবে সামাল দেওয়া সম্ভব হচ্ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০১৪ সালের শেষ দিকে পুরোদমে চালুর পর থেকে প্রকল্পটির পূর্ব ও মধ্যাঞ্চলীয় রুটের প্রথম ধাপে উত্তরাঞ্চলে ৯ হাজার ২০০ কোটি ঘনমিটারের বেশি পানি পাঠানো হয়েছে। এর মাধ্যমে প্রায় ২০ কোটি মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত হয়েছে এবং উত্তর চীনের ১৯ ট্রিলিয়ন ইউয়ানের (প্রায় ২ দশমিক ৮৫ ট্রিলিয়ন মার্কিন ডলার) বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এটি বড় ভূমিকা রেখেছে।

সিএমজি