চীনের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের সর্বোচ্চ সম্মাননা ‘স্টেট প্রিমিনেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন লিথিয়াম ব্যাটারি গবেষণার পথিকৃৎ ছেন লিছুয়ান এবং রাডার বিশেষজ্ঞ বেন ত্য। বুধবার বেইজিংয়ে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
এই বিশেষ সভায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার সম্মেলনের পাশাপাশি চীনের বিজ্ঞান একাডেমি ও চাইনিজ একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের সাধারণ সভা এবং চীন অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির ১১তম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়। দেশটির বিশিষ্ট বিজ্ঞানী এবং অসামান্য গবেষণালব্ধ সাফল্যকে স্বীকৃতি দিতে এই সম্মেলনের আয়োজন করা হয়।
৮৬ বছর বয়সী ছেন লিছুয়ান চাইনিজ একাডেমি অব ইঞ্জিনিয়ারিং এবং চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের গবেষক। পাঁচ দশকের দীর্ঘ কর্মজীবনে তিনি চীনে ‘সলিড-স্টেট আয়নিক্স’ গবেষণার সূচনা করেন। তিনি চীনের প্রথম লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরির নেতৃত্ব দেন এবং সলিড-স্টেট ইলেকট্রোলাইটের জন্য একটি যুগান্তকারী কৌশল উদ্ভাবন করেন। পরবর্তী প্রজন্মের ব্যাটারি প্রযুক্তিতে চীনের শীর্ষস্থানীয় অবস্থান তৈরিতে তার এই অবদান অনস্বীকার্য।
১৯৩৮ সালে চিলিন প্রদেশের ছাংছুনে জন্মগ্রহণকারী বেন ত্য চাইনিজ একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের সদস্য এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কোম্পানির একজন গবেষক।
সিএমজি বাংলা