চীনে টাইফুন ‘ক্রোভান’-এর তীব্রতা বৃদ্ধি: মাছ ধরার নৌকা ও জলযান দ্রুত বন্দরে ফিরিয়ে আনার নির্দেশ

সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীন সাগরে টাইফুন ‘ক্রোভান’-এর প্রভাবে সম্ভাব্য প্লাবন ও বিপজ্জনক জোয়ারের আশঙ্কায় চীনের উত্তর উপকূলীয় অঞ্চলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কমলা রঙের ঝড়ের জলোচ্ছ্বাস সতর্কতা জারি করেছে দেশটির ন্যাশনাল মেরিন এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং সেন্টার।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৪তম টাইফুন ‘ক্রোভান’ বর্তমানে একটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের নাহা থেকে প্রায় ১৯৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছিল এই ঝড়। এর কেন্দ্রস্থলের কাছাকাছি সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে ২৩ মিটার, যা ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটারের সমান।

পরিস্থিতি বিবেচনায় চীনের চার স্তরের সতর্কবার্তার দ্বিতীয় সর্বোচ্চ স্তর অর্থাৎ ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে হ্যপেই প্রদেশের ছিনহুয়াংতাও শহরের জন্য। এছাড়া লিয়াওনিং প্রদেশের কয়েকটি শহরে ‘হলুদ সতর্কতা’ জারি হয়েছে।

সম্ভাব্য জলোচ্ছ্বাস ও প্লাবনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় সরকারগুলোকে জরুরি প্রস্তুতি জোরদারের তাগিদ দিয়েছে পূর্বাভাসকেন্দ্র। একই সাথে উপকূলীয় এলাকার সব মাছ ধরার নৌকা ও জলযান দ্রুত বন্দরে ফিরিয়ে আনা, সামুদ্রিক মাছ চাষের খামার ও বন্দর অবকাঠামো নিরাপদ রাখা এবং প্রয়োজনে সমুদ্রে কর্মরত কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকার উপকূলীয় সৈকত ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রাখার পাশাপাশি সাধারণ মানুষকে উপকূল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জলোচ্ছ্বাস প্রতিরোধে সামুদ্রিক বাঁধ ও ফ্লাডগেটগুলো নিয়মিত পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: সিএমজি