চীনে ভূতাত্ত্বিক দুর্যোগ ঝুঁকি যাচাই জোরদারে পরিপত্র

তামান্না জেনিফার

ভূতাত্ত্বিক দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে চীন ভূতাত্ত্বিক দুর্যোগের ঝুঁকি পর্যবেক্ষণ জোরদার এবং প্রস্তুতি ও জরুরি প্রতিক্রিয়া আরও কার্যকর করতে একটি পরিপত্র জারি করেছে।

শুক্রবার জাতীয় দুর্যোগ প্রতিরোধ, হ্রাস ও ত্রাণ কমিশনের কার্যালয়, প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় এবং জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় যৌথভাবে এ পরিপত্র জারি করে।

পরিপত্রে স্থানীয় কর্তৃপক্ষকে ভূতাত্ত্বিক দুর্যোগের ঝুঁকি নিবিড়ভাবে পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে যেসব নিবন্ধিত ঝুঁকিপূর্ণ স্থানের কাঠামোগত স্থিতিশীলতা দুর্বল, যেখানে সাম্প্রতিক অস্থিতিশীলতার সুস্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে, গত দুই বছরে সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি হয়েছে, আবাসন নির্মাণের জন্য ভূমির ঢাল কাটার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা ভারী বৃষ্টিপাতের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে— সেসব এলাকার ওপর বিশেষ নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে শহরাঞ্চল, পর্যটন কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ পরিবহন পথসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় স্থানভিত্তিক ঝুঁকি মূল্যায়নের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভূমিতে বিকৃতি বা অস্বাভাবিক পরিবর্তনের কোনো লক্ষণ দেখা দিলে তা দ্রুত নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

পরিপত্র অনুযায়ী, ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত এলাকা, দ্রুত খরা থেকে বন্যায় রূপ নেওয়া অঞ্চল এবং ভূতাত্ত্বিক দুর্যোগপ্রবণ এলাকায় টহল ও পরিদর্শন আরও জোরদার করতে হবে। একই সঙ্গে আগাম সতর্কীকরণ ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে, যাতে সম্ভাব্য দুর্যোগের আগেই ঝুঁকিতে থাকা বাসিন্দাদের দ্রুত ও নিরাপদে সরিয়ে নেওয়া নিশ্চিত করা যায়।

সূত্র: সিএমজি বাংলা