চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান রেলপথ নির্মাণে বড় অগ্রগতি

সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান রেলপথ নির্মাণ প্রকল্পে বড় অগ্রগতি হয়েছে। শনিবার প্রকল্প সংশ্লিষ্ট কোম্পানি জানিয়েছে, কিরগিজস্তান অংশে প্রথম একটি রেল টানেলের খননকাজ শেষ হয়েছে।

২০৯ দশমিক ৬ মিটার দীর্ঘ ‘কোশ দোবো নর্থ নম্বর-২’ টানেলটি কিরগিজস্তান অংশের প্রথম টানেল, যার খননকাজ সম্পন্ন হয়েছে। ২০২৫ সালের জুনে টানেলটির নির্মাণকাজ শুরু হয়েছিল।

প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, কিরগিজস্তান অংশে এখন পর্যন্ত ২৭টি টানেল, ৪৩টি সেতু এবং ৮৮টি রেলপথের ভিত্তি তৈরির কাজ শুরু হয়েছে। এছাড়া ২০টি রেলস্টেশন নির্মাণের কাজও চলছে।

চীন, কিরগিজস্তান ও উজবেকিস্তানের যৌথ এই রেলপথ প্রকল্পটি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রকল্পটি শেষ হলে চীন ও মধ্য এশিয়ার মধ্যে রেল যোগাযোগ আরও সহজ হবে।

রেলপথটি চীনের সিনচিয়াংয়ের কাশগর থেকে শুরু হয়ে কিরগিজস্তানের জালালাবাদ হয়ে উজবেকিস্তানের আন্দিজান শহর পর্যন্ত যাবে।

পুরো রেলপথের দৈর্ঘ্য ৫০০ কিলোমিটারের বেশি হবে। এর মধ্যে কিরগিজস্তান অংশের দৈর্ঘ্য হবে প্রায় ৩০৫ কিলোমিটার।

সূত্র: সিএমজি