চীন ও মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে জননিরাপত্তা এবং অভ্যন্তরীণ বিষয়ে সহযোগিতা জোরদারে মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেইজিংয়ে চীন-মধ্য এশিয়া মন্ত্রী পর্যায়ের সম্মেলনের বৈঠকে চীনের রাষ্ট্রীয় পরিষদ ও জননিরাপত্তা মন্ত্রী ওয়াং শিয়াওহং এ কথা বলেন।
মূল বক্তব্যে ওয়াং বলেন, চীন মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে কাজ করে জননিরাপত্তা ও অভ্যন্তরীণ বিষয়ে মন্ত্রী পর্যায়ের সম্মেলন ব্যবস্থাকে দু’পক্ষের সর্বক্ষেত্রের সহযোগিতার আদর্শ মডেলে পরিণত করতে প্রস্তুত।
তিনি আরও বলেন, চীন মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে চারটি বৈশ্বিক উদ্যোগ সক্রিয়ভাবে বাস্তবায়নে যৌথভাবে লড়াই করতে চায়। পাশাপাশি আন্তঃদেশীয় অপরাধ দমন, অভিবাসন ব্যবস্থাপনাসহ নানা ক্ষেত্রে বাস্তব সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্ব দেন তিনি।
এ ছাড়া বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার আওতায় গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর নিরাপত্তা জোরদারের কথাও বলেন ওয়াং।
বৈঠকে মধ্য এশিয়ার পাঁচ দেশের প্রতিনিধিদলের প্রধানরা বক্তব্য দেন। তারা বৈঠকের ফলাফল বাস্তবায়ন, আইন প্রয়োগ ও নিরাপত্তা সহযোগিতা গভীর করার পাশাপাশি অঞ্চলটির দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও সমৃদ্ধিতে অবদান রাখার আগ্রহ প্রকাশ করেন।
একই দিনে কিরগিজস্তান ও কাজাখস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করেন ওয়াং শিয়াওহং।
সূত্র: সিএমজি