জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনে সর্বাত্মক প্রতিরোধের ৮৯তম বার্ষিকী পালন

আফরিন মিম

জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনের সর্বাত্মক প্রতিরোধ যুদ্ধ শুরুর ৮৯তম বার্ষিকী মঙ্গলবার দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বাজানো হয় শান্তির ঘণ্টা এবং ইতিহাস স্মরণ করে শান্তি রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

১৯৩১ সালে জাপানের আগ্রাসন শুরু হলেও ১৯৩৭ সালের ৭ জুলাই বেইজিংয়ের উপকণ্ঠে লুকৌ সেতুর কাছে চীনা সেনাদের ওপর জাপানি বাহিনীর হামলা পূর্ণমাত্রার চীন-জাপান যুদ্ধের সূচনা করে। এরপরই সারা দেশে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে ওঠে।

বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ের লুকৌ সেতুর কাছে অবস্থিত চীনা জনগণের জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধ জাদুঘরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং বেইজিং মিউনিসিপাল পার্টি কমিটির সম্পাদক ইন লি উপস্থিত ছিলেন। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল অর্পণ করেন।

দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীরা জাদুঘর ও স্মৃতিসৌধ পরিদর্শন করে যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পায়। একই সঙ্গে সাধারণ মানুষ বিভিন্ন স্মৃতিসৌধে ফুল দিয়ে নিহতদের স্মরণ করেন। চীনের তাইওয়ানেও বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনের উদ্যোগে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চীনের ইতিহাসে ৭ জুলাইয়ের ঘটনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। ১৯৩১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ১৪ বছরব্যাপী জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধে প্রায় সাড়ে ৩ কোটি চীনা সামরিক ও বেসামরিক মানুষ নিহত বা আহত হন।

সিএমজি বাংলা